ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
তৃতীয়ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার দুপুরে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে জেলার মুলাদী ও বাবুগঞ্জে নয়কে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে সাতদিনের কারাদ- প্রদান করা হয়েছে।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহাজাহান জানান, মুলাদীর বাটামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত তিনজন ও বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহিরাগত ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বাবুগঞ্জে আটককৃত ছয়জনের বাহিরে অপর এক যুবককে সাতদিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আলামিন (২৬) মুলাদী উপজেলার গাছুয়া এলাকার আলতাফ সরদারের ছেলে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে (দন্ডপ্রাপ্ত) আটক করেছে পুলিশ।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
ঝালকাঠিতে আমন ধান কাটা শুরু না হলেও ১২ হাজার ৫০০ হেক্টরে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন কৃষকরা। ইতোমধ্যে তারা বিএডিসির বীজ বিক্রয় কেন্দ্র ও ডিলারদের কাছ থেকে বিভিন্ন জাতের বীজ সংগ্রহ করে বীজতলা করতে মাঠে নেমেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলা ও নলছিটি উপজেলা বোরো প্রধান। এই দুই উপজেলার ৪টি ইউনিয়নে জলাবদ্ধতার কারণে আমন ধানের আবাদ করা যায় না। ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ও বিনয়কাঠি এবং নলছিটি উপজেলার ভৈরবপাশা ও মগড় ইউনিয়নের ৩০ হাজার একরজুড়ে জলাবদ্ধতা থাকে। এই সকল ইউনিয়নের জলাবদ্ধ থাকা গ্রামগুলোতে কৃষকরা একমাত্র বোরো ধান ফসলের উপর নির্ভরশীল থাকে। এসব গ্রামগুলো মধ্যে থাকা খাল এবং সংশ্লিষ্ট নদীর অংশ ভরাট হওয়ায় পানি ওঠানামা করতে না পারায় পুরো বর্ষাকাল জুড়েই প্রায় ৫ মাস এলাকাগুলো ফসলের মাঠ পানিতে তলিয়ে থাকে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক জানান, শীতের প্রবাহ শুরু হওয়ার সাথে-সাথে জলাবদ্ধ জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে-সাথে আগাছা পরিষ্কার করে এই গ্রামগুলোর কৃষকেরা আগাম বোরো আবাদ নেমে যান।
তিনি বলেন, এ বছর ১২ হাজার ৫০০ হেক্টরে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৮০০ হেক্টরে হাইব্রিড ধানের আবাদ করা হবে। জেলা সদরের বিএডিসি বীজ কেন্দ্র থেকে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া ৪ টন বীজ ধান বিক্রি শেষ হয়েছে এবং জেলার ২৫ জন ডিলারের মাধ্যমে ৯৭ টন বরাদ্দকৃত বীজ ধান বিক্রি হচ্ছে।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার বিষয়ে এখনও দুটি আবেদন অগৃহীত রয়ে গেছে বলে অভিযোগ করেন দলটির সংসদ সদস্যরা।
রোববার (২৮ নভেম্বর) জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে এ দাবি করেন তারা। এর জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি নেত্রীকে মানবিক কারণে মুক্তি দেওয়া হয়েছে। আর অন্য আবেদনগুলো বিবেচনা করা যায় কি না সেটা দেখা হবে।
জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। দিন দিন দুর্বল হয়ে পড়ছেন বেগম জিয়া। শনিবার (২৭ নভেম্বর) দলটির মহাসচিব এমন তথ্য দিয়ে জানান, পরিপাকতন্ত্রের চিকিৎসার প্রযুক্তি বাংলাদেশে নেই। তাকে নিতে হবে বিদেশের হাসপাতালে।
এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানালেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার প্রস্তুতি শুরু করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
তবে বেগম জিয়া ইস্যুতে সরকার যদি স্বেচ্ছাচারিতা করে তবে বিএনপি আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আরেক সিনিয়র নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার যদি গায়ের জোরে বা শক্তি প্রয়োগের মাধ্যমে দমন পীড়ন করে, তবে সে সরকার টিকতে পারবে না।
এদিকে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
এ সপ্তাহের ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রার মান লিরা রেকর্ড আকারে কমে যাওয়ার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান সম্ভাব্য মুদ্রার কারসাজির তদন্তের নির্দেশ দিয়েছেন।
শনিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স আনাদোলু নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে।
আনাদোলু নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান রাষ্ট্রীয় তত্ত্বাবধায়ক পরিষদকে দায়িত্ব দিয়েছেন, যেটি একটি নিরীক্ষা সংস্থা, এমন প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করার জন্য যারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কিনেছিল এবং কোনো হেরফের হয়েছে কিনা তা নির্ধারণ করতে।
চলতি সপ্তাহে এরদোগান সুদের হার সহজ করার নীতির সঙ্গে লেগে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরেই রেকর্ড আকারে লিরার মান নেমে যায়। মুদ্রাটি এ বছরে তা মুদ্রামানের ৪৫ শতাংশ হারিয়েছে এবং এর প্রায় অর্ধেকই হারিয়েছে গেল দুই সপ্তাহে
২০ শতাংশ মূল্যস্ফীতি সত্ত্বেও, এরদোগান কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত হার কমিয়ে ১৫ শতাংশ করার কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপকে গ্রহণ করেন। এরপরেই মঙ্গলবার (২৩ নভেম্বর) মুদ্রাটির মান ডলারের বিপরীতে ১৩ দশমিক ৪৫ পর্যন্ত নেমে আসে।
এরদোগান তার বক্তব্যে বলেছিলেন, তুরস্ক একটি স্বাধীনতার অর্থনৈতিক যুদ্ধ লড়ছে এবং পথ পরিবর্তনের জন্য চাপের কাছে নতিস্বীকার করবে না। আমরা দেখছি, যারা আমাদের দেশকে সমীকরণের বাইরে ঠেলে দিতে চায়, তারা বিনিময় হার, সুদের হার এবং মূল্যবৃদ্ধি নিয়ে খেলা করছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন আনাদোলু নিউজ জানিয়েছে, তুরস্কের রাষ্ট্রীয় তত্ত্বাবধায়ক পরিষদ সেসব সংস্থাগুলোকে প্রাসঙ্গিক তথ্য এবং নথি উপস্থাপন করার দাবি করতে পারবে। এবং এর ফলাফলগুলি প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে পাঠাবে।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
বিগত ১৯ মাসের তুলনায় বর্তমানে তেলের দাম সব থেকে নিম্নমুখী পর্যায়ে আছে বলে জানা যায়। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে শেয়ারবাজার এবং তেলের বাজারে মারাত্মক প্রভাব পড়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৭২ ডলার। আর ইউএস অয়েল ফিউচার্সের দাম ১১ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে নেমে গেছে। যা কিনা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ দরপতন। গত বছরের এপ্রিলে একপর্যায়ে জ্বালানি তেলের দাম কমে মাইনাস ৪০ ডলার হয়। পরে সে অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় পরিস্থিতি।
এছাড়াও বিভিন্ন দেশের শেয়ার সূচকও পড়ে গেছে বলে জানা গেছে। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ২ দশমিক ৭ শতাংশ, জাপানের নিকেই সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ। এশিয়ার বাজারের ধাক্কায় ইউরোপের বাজারও পড়ে গেছে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০, ফ্রান্সের সিএসি ৪০, জার্মানির ডিএএক্স সব সূচকই ৩ থেকে ৪ শতাংশ কমেছে।
এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের উপস্থিতির সঙ্গে সঙ্গে আফ্রিকার সাথে যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের মতো দেশগুলো।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকাসহ সব সেনানিবাসে ব্যক্তিগত ও ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পালনীয় সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মিলিটারি পুলিশ সপ্তাহ- ২০২১ শুরু হয়েছে।
সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে রোববার (২৮ নভেম্বর) বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ শুভ উদ্বোধন করেন। সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মিলিটারি পুলিশ সপ্তাহ ২০২১ আগামী ৪ ডিসেম্বর শেষ হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মিলিটারি পুলিশ সপ্তাহ ভিন্ন মাত্রা যোগ করেছে। শৃঙ্খলার মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সব সদস্য সেনানিবাসসমূহে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, কোর অব মিলিটারি পুলিশ শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গণেও সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মিলিটারি পুলিশ কোরের সদস্যরা উচ্চমানের পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২১ উদ্বোধনকালে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলা মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনা সদস্যদের শৃঙ্খলা মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে।
মিলিটারি পুলিশ সপ্তাহকে সার্বিকভাবে সফল করার জন্য তিনি সকল সংস্থার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে সন্ধ্যায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া।
জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। দিন দিন দুর্বল হয়ে পড়ছেন বেগম জিয়া। শনিবার (২৭ নভেম্বর) দলটির মহাসচিব এমন তথ্য দিয়ে জানান, পরিপাকতন্ত্রের চিকিৎসার প্রযুক্তি বাংলাদেশে নেই। তাকে নিতে হবে বিদেশের হাসপাতালে।
এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানালেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার প্রস্তুতি শুরু করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।
বেগম জিয়া যে জটিলতায় ভুগছেন তার চিকিৎসা কেবল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে পাওয়া যায় বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর বেগম জিয়া ইস্যুতে সরকার যদি স্বেচ্ছাচারিতা করে তবে বিএনপি আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আরেক সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার যদি গায়ের জোরে বা শক্তি প্রয়োগের মাধ্যমে দমন পীড়ন করে, তবে সে সরকার টিকতে পারবে না।
ডিসিএন বাংলা ডেক্সঃ আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
কক্সবাজার সদরের লিংকরোডে দুর্বৃত্তরা গুলি করে জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যার এজাহারভুক্ত আসামি ছাত্র শিবিরের সাবেক নেতা আবু তাহের সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে জহিরুল ইসলাম হত্যা মামলায় ছাত্র শিবিরের সাবেক দুই নেতা গ্রেপ্তার হলেন।
শনিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে ঢাকার তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।
গ্রেপ্তার আবু তাহের সিকদার ওরফে তাহের সিকদার (৪৮) ছাত্র শিবিরের কক্সবাজার জেলা শাখার সাবেক নেতা ও কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ‘ছাত্র শিবির মনোনীত প্যানেলের’ সাবেক সদস্য। তিনি পেশায় আইনজীবী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবু তাহের সিকদার শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।
গত ৫ নভেম্বর রাত সাড়ে ১০ টায় কক্সবাজার সদরের লিংকরোড স্টেশনে ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ছোট ভাই কুদরত উল্লাহ সিকদারের ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। তারা দুই ভাইসহ কর্মী-সমর্থকদের সঙ্গে নির্বাচনী আলাপ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং কুপিয়ে জখম করে। এতে ৩ জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে। আহতদের মধ্যে কুদরত উল্লাহ’র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিন রাতে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গত ৬ নভেম্বর সকালে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি থাকা জহিরুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসকরা চমেকে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ নভেম্বর দুপুরে তার মৃত্যু হয়।
কুদরত উল্লাহ গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে জয়ী হয়েছেন।
নিহতের স্বজনদের অভিযোগ ছিল, ইউপি নির্বাচনে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিয়াকত আলীর নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
এ ঘটনায় গত ৯ নভেম্বর হামলায় আহত কুদরত উল্লাহ সিকদার বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ১১ নভেম্বর মধ্যরাতে কক্সবাজার শহরের নুর পাড়া থেকে শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা ও সাংবাদিক ইমাম খাইরকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানিয়েছিল, ‘ইমাম খাইর শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদার হত্যার পরিকল্পনা ও হত্যার মিশনে সরাসরি জড়িত ছিল।’
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, কক্সবাজার সদরে শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম সিকদারের চাঞ্চল্যকর হত্যার ঘটনার পর থেকে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। শনিবার মধ্যরাতে মামলার এজাহারভুক্ত এক আসামি ঢাকার তোপখানা রোডের আবাসিক একটি হোটেলে অবস্থান করছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে হোটেল কক্ষে অবস্থানকালে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, গ্রেপ্তার তাহের সিকদার শ্রমিক নেতা জহিরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি। ঘটনায় মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।’
তিনি জানান, আসামিকে রোববার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।
ডিসিএন বাংলা ডেস্ক: আপডেট টাইম : ২৮ নভেম্বর, ২০২১ইং।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে জাল ভোট দিতে যাওয়ার ঘটনায় মো. আলাউদ্দিন (২৭) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন উপজেলার টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে পানিশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় আলাউদ্দিন। ভোট দিতে এলে ছবি না মেলায় ধরা পড়েন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এ ছাড়া এখন পর্যন্ত জেলার তিনটি উপজেলার ৩৩টি ইউনিয়নের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
সাংসদ শবনম জাহান শীলা বলেছেন,মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে পথচলা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আজ বাংলাদেশ উন্নতশীল রাষ্ট্রে রূপ লাভ করেছে। তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিটি গ্রামাঞ্চলের তাই নারী নেত্রী হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এগিয়ে যাব এবং থাকব।বিভিন্ন দাবীতে রাজধানীর ভাসানটেকে অয়োজিত বাস্তুহারাদের জনসভায় তিনি এসব কথা বলেন।আজ ভাষাণটেকে বাস্তুহারাদের আয়োজনে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসন ৩০৩ এর সংসদ সদস্য শবনম জাহান শিলা এ বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন
১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কাফরুল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সালেক মোল্লা।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ,সাহিদা আক্তার শিলা , মহিলা কাউন্সিলর সংরক্ষিত আসন ওয়ার্ড ৪,৫,১৬ ঢাকা সিটি কর্পোরেশন ও সভাপতি ভাষানটেক থানা , মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর। এ জনসভায় সভাপতিত্ব করেন , রতন খানচেয়ারম্যান ১ নং বাস্তহারা ও সাংগঠনিক সম্পাদক ৯৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর।আরো উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোহাম্মদ আজমল দেওয়ান, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ ভাষানটেক থানা ঢাকা মহানগর উত্তর।মোঃ হাসান আলী মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক আওয়ামী লীগ ভাষানটেক থানা ঢাকা মহানগর উত্তর। আব্দুল কাদির চেয়ারম্যান ভাষানটেক বাস্তহারা এবং ভাষানটেক ছাত্রলীগ সভাপতি আল আমিন পলাশ প্রমূখ। জনসভা পরিচালনা করেন মোঃ জাহাঙ্গীর আলমসাধারণ সম্পাদক ভাষানটেক ১ নং বাস্তহারা।এ জনসভায় হাজার হাজার মানুষের ঢল নামে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মূখরিত হয়ে ওঠে গোটা এলাকা।জনসভায় বাস্তহারাদের বিভিন্ন সমস্যা ও দাবী সরকারের কাছে তুলে ধরেন নেতৃবৃন্দ।