
ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
নোয়াখালী জেলা কারাগারে মো. সাগর (২৯) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সোনাইমুড়ী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গত আগস্টে গ্রেপ্তার হয়েছিলেন।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মো. সাগর সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া গ্রামের শফি উল্যার ছেলে।
জেলা কারা কর্তৃপক্ষ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় চলতি বছরের গত ৯ আগস্ট সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষের দাবি, প্রতিদিনের ন্যায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটছিল। এ সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় সে। সে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছে বললে তাকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত হাজতির লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ও সকল প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
বলিউড পাড়ায় বয়সে ছোট কাউকে বিয়ে করা নতুন কোনো বিষয় নয়। তাই বলায় যায় বয়সে ছোট পুরুষকে বিয়ে করার ঘটনা ক্যাটরিনা-ভিকির ক্ষেত্রে প্রথম ঘটছে, এমন নয়। প্রিয়াঙ্কা চোপড়া ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন। আবার তিন বছরের ছোট অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন।
নেটপাড়ার টক অফ দ্য টাউনে ভিক্যাটের বিয়ের খবর। সকলের নজর এখন সেদিকে। সব লাইমলাইট কেড়ে নিয়ে গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে ভিকি-ক্যাটের বিয়ে সংক্রান্ত নানা খবর। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি তারা। তবে এ বার নাম না করে বয়সে ছোট ভিকিকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্যাটরিনার প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা এক বার্তায় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির মহিলারা যে সেক্সিস্ট ধারণা ভেঙে বয়সে ছোট পুরুষকে বিয়ে করছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন কঙ্গনা। তবে এক্ষেত্রে কারও নাম করেননি তিনি। কিন্তু ভিকি-ক্যাটরিনার বিয়ের দিকেই স্পষ্ট ইঙ্গিত, তেমনটাই মনে করছেন বলি মহলের বড় অংশ।
কঙ্গনা তার স্টোরিতে লিখেছেন, ‘আমরা এমন বহু সফল পুরুষের গল্প শুনে বড় হয়েছি যারা বয়সে ছোট মেয়েদের বিয়ে করেছেন। স্বামীর থেকে বেশি সফল মহিলাকে দেখা যেন বড় সমস্যা। একটা বয়সের পর বয়সে ছোট পুরুষকে বিয়ে করার ভাবনা তো ছেড়েই দিলাম। দেখে ভাল লাগছে ধনী, সফল, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির মহিলা সেক্সিস্ট ধারণা ভাঙছেন। জেন্ডার স্টিরিওটাইপকে ভেঙে ফেলার জন্য পুরুষ এবং মহিলা উভয়কেই অভিবাদন।’
এরই মধ্যে রাজস্থানের বিলাসবহুল রিসোর্টে বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানজুড়ে কঠোর নজরদারি থাকছে। আমন্ত্রিতদের মোবাইল জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এমনকি অনুষ্ঠানস্থল বা আশপাশে ড্রোন ওড়ালে, তা গুলি করে নামানো হবে।
সূত্রের খবর অনুযায়ী, ৬ ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছেন তাদের অনুষ্ঠান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সেরেছেন মেহেদির অনুষ্ঠান। আজ বুধবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মূল বিয়ের অনুষ্ঠান। শুক্রবার (১০ ডিসেম্বর) বলিউডের বন্ধুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে নবদম্পতি।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
সৃজিত মুখার্জি ভারতীয় নির্মাতা হলেও তার আরও একটি পরিচয় তিনি বাংলাদেশের জামাই। বিয়ে করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এই পরিচালক এসেছেন শ্বশুরবাড়ি। আর এসেই ঢুঁ মারলেন মিরপুরের ক্রিকেট মাঠে। সেখানে বসেই বাংলাদেশের জন্য দিলেন দারুণ এক সুখবর।
বায়োপিক বা সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণে দারুণ পটু ওপার বাংলার এই খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। নিজের সে প্রতিভা দেখিয়েছেন বহুবার। এবার আরও দুটি বাস্তব ঘটনা সেলুলয়েডের পর্দায় আনতে চান গুণী এই নির্মাতা। যে দুটো সিনেমা হবে ক্রিকেট কেন্দ্রিক। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো দুটো সিনেমাই বাংলাদেশ কেন্দ্রিক। সিনেমায় তুলে ধরতে চান বাংলাদেশের দুই সুপারস্টার ক্রিকেটার রাকিবুল হাসান ও সাকিব আল হাসানকে।
বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়ে নিজের অভিপ্রায়ের কথা জানিয়েছেন সৃজিত মুখার্জি। সৃজিত জানান, তার খুব ইচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার রাকিবুল হাসান ও সাকিব আল হাসানকে নিয়ে চলচ্চিত্র তৈরি করার। তবে বিষয়টি নিয়ে এখনও কারও সঙ্গেই কথা হয়নি।
রাকিবুল হাসান প্রসঙ্গে সৃজিত জানান, রাকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। তার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত। ঠিক একইভাবে সাকিবের বিষয়ও তুলে ধরেন সৃজিত। তিনি মনে করেন, সাকিব বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় খেলোয়াড়। এমনকি সাকিবের জন্যই সৃজিত বাংলাদেশের ভক্ত। তার এই অনবদ্য অবদানের কারণে তাকে নিয়েও সিনেমা বানানোর ইচ্ছা সৃজিতের।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
মুরাদ হাসানের দুই বছর আগের ফোনালাপ কিভাবে সামাজিক মাধ্যমে ফাঁস হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব।
এদিকে, মুরাদের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
সাম্প্রতিক নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান। আর সে পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতেই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (৮ ডিসেম্বর) সকালে বদলে যায় সচিবালয়ে ডা. মুরাদ হাসানের কার্যালয়ের অবয়ব। সরিয়ে ফেলা হয় নামফলকও।
এদিকে, বিভিন্ন বিতর্কিত বক্তব্যের কারণে ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
অভিনয়শিল্পী ইমন ও মাহিয়া মাহির সঙ্গে ডা. মুরাদ হাসানের বিতর্কিত ফোনালাপ ফাঁসের ঘটনায় ইমনকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর র্যাব বলছে, দুই বছরেরও বেশি সময় আগের ফোনালাপ হঠাৎ কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রয়োজনে মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় র্যাব।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
মিরপুর টেস্ট অনেক কিছুরই সাক্ষী হয়ে রইল। যে টেস্টে বলতে গেলে তিন দিন রাজত্ব করেছে বৃষ্টি। খেলা হয়েছে হাতেগোনা মাত্র দুই দিন। এমন টেস্টে রেজাল্ট আসাটাই হতো বিরল ঘটনা। কিন্তু ম্যাড়ম্যাড়ে এই টেস্টেও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতায় জমে উঠল। বৃষ্টিকে অভিসম্পাত দেওয়া পাকিস্তানের জয়ের সম্ভাবনাও বাড়ছিল। কিন্তু বাংলাদেশের অভিজ্ঞ তিন ব্যাটার লিটন, মুশফিক আর সাকিবের অনবদ্য ব্যাটিংয়ে একসময় নিশ্চিত হারের দিকে যাওয়া ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছিল।
তবে শেষ পর্যন্ত সেই আফসোসই সঙ্গী। পড়ন্ত বিকেলে ড্রয়ের আশা জাগিয়েও হলো না। কানপুরে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের শেষ দিন দুই কিউই বোলার রাচিন রবিন্দ্র আর এজাজ প্যাটেলের অবিচ্ছিন্ন দশম উইকেট জুটিতে ভর করে শেষ পর্যন্ত নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল ভারতের। মিরপুরেও পাকিস্তানকে এমন কিছুরই সাক্ষী বানাতে চেয়েছিল টিম টাইগার্স। কিন্তু হতাশা ছাড়া আর পেল কী। পাকিস্তান ইনিংস এবং ৮ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে। এ নিয়ে টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজও নিজেদের করে নিল তারা।
এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাড়মেড়ে ঢাকা টেস্টটি জমে উঠে চতুর্থ দিন মঙ্গলবার মাঠে খেলা গড়াতেই। ৪ উইকেটে ৩০০ ছুঁয়ে পাকিস্তানের ইনিংস ঘোষণার পর বাংলাদেশ ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পারেনি।
বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের পঞ্চম দিনে বুধবার (৮ ডিসেম্বর) ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। হাতে ছিল তিনটি উইকেট। ক্রিজে ছিলেন বিশ্বসেরা সাকিব আল হাসানও। কিন্তু তবুও লজ্জা এড়াতে পারলেন না।
৭ উইকেট হারিয়ে ৭৬ রান করে চতুর্থ দিন শেষ করার পর আজ শিশিরভেজা সকালে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের সবকটি উইকেট হারিয়ে করেছে মাত্র ৮৭ রান। ফলোঅন এড়াতে হলে করতে হতো ১০১ রান। অর্থাৎ ১৪ রান পিছিয়ে ছিল।
এদিকে ফলোঅনে ফেলার পর বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও হতশ্রী দশা লাল-সবুজ বাহিনীর। স্কোরবোর্ডে মাত্র ২৫ রান তুলতেই চার চারটি উইকেট হারিয়ে ফেলে টাইগার বাহিনী। একে একে ফিরে গেছেন মাহমুদুল জয়, সাদমান, মুমিনুল এবং শান্ত।
প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী মাহমুদুল হাসান জয়কে। কিন্তু অভিষেক টেস্ট খেলতে নেমেই খালি হাতে ফেরেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসেও করতে পেরেছেন মাত্র ছয় রান। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে চতুর্থ ওভারে হাসান আলীর বলে বোল্ড হয়ে ফিরলেন এ ওপেনার।
জয় আউট হওয়ার চার বল পরই শাহিন আফ্রিদির বলে এলবিডব্লু হন সাদমান হোসেন। তিনি যোগ করেছেন কেবল ২ রান। সাদমান আউট হওয়ার সাত বল পর অধিনায়ক মুমিনুল হকও ফিরে গেলেন। হাসান আলীর ভেতরে ঢোকানো বল ব্যাটে খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। মুমিনুল রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না। ৭ রান করে আউট হলেন মুমিনুল।
এরপর ফেরার মিছিল আরও দীর্ঘ করেন নাজমুল হাসান শান্ত। নবম ওভারে শাহিন আফ্রিদির করা প্রথম বলেই শাহিন আফ্রিদির গালিতে দাঁড়ানো ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে আউট হন নাজমুল। দেখে মনে হয়েছে যেন ক্যাচ শেখাচ্ছেন পাক ফিল্ডারদের।
তবে প্রথম চার ব্যাটার হতাশ করার পরই দলের হাল ধরেন অভিজ্ঞ দুই কান্ডারি লিটন আর মুশফিক। যেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মেরামতের চেষ্টা করছেন তারা। তাদের অবিচ্ছিন্ন জুটিতে হারের শঙ্কা কিছুটা হলেও কমে আসে। তবে ব্যক্তিগত ৪৫ রানের মাথায় কাটা পড়েন লিটন দাস। ৩৪তম ওভারে সাজিদ খানের খাটো লেংথের বল টেনে মারতে গিয়ে স্কয়ার লেগে ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে দেন উইকেটকিপার এই ব্যাটার। অথচ, শটটি আরামে নিচে খেলা যেত। এর মধ্য দিয়ে লিটন–মুশফিকের ১৫০ বলে ৭৩ রানের জুটি ভেঙে যায়। ২৫ রানে ৪ উইকেটের পর ৫ উইকেটে ৯৮ রান তোলে বাংলাদেশ।
লিটনের পর সাকিব ব্যাট করতে নেমে মিরপুরকে যেন নিজের করে নিলেন। আগ্রাসী ব্যাটিংয়ে একের পর এক মাইলফলক স্পর্শ করেন। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করাসহ টেস্টে ন্যূনতম ৪ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন সাকিব।
মিস্টার সেভেন্টিফাইভের আগে গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরিদের মতো অলরাউন্ডার খেলোয়াড়রা এই ক্লাবে নাম লিখিয়েছেন।
এদিকে, চা বিরতির ঠিক আগে আগে আফসোস বাড়ালেন মুশফিক। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় রানআউট হয়ে ফিরে যান তিনি। তবে মুশি ফিরলেও দারুণ ছন্দে ছিলেন সাকিব। তুলে নিয়েছেন ফিফটিও। এছাড়া তার সঙ্গে মেহেদী মিরাজও দারুণ সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু পাক অধিনায়ক ও ব্যাটসম্যান বাবর আজমের ক্যারিয়ারের প্রথম উইকেট হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। এ কারণেই হয়তবা মিরাজকে অনেকদিন মনে রাখবেন বাবর।
মিরাজের পর সাজিদ খানের বলে সরাসরি বোল্ড হয়ে আউট হন সাকিব আল হাসানও। এরপর ফিরলেন খালেদ।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। বিয়ের গুঞ্জন থেকে শুরু করে আনুষ্ঠানিক ঘোষণা, তবুও এখনও থামছে না আলোচনা। তবে সর্বশেষ চমক সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা ওরফে গুরমিত সিং।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভিকি-ক্যাট অতি গোপনীয়তার সঙ্গে বিয়ে করছেন। তবুও তাদের বিয়েতে নিরাপত্তার কমতি নেই। নিরাপত্তার দায়িত্বে থাকছেন দেড় শতাধিক নিরাপত্তারক্ষী।
তবে তাতেও যেন স্বস্তি ফিরছে না ক্যাটরিনার সাবেক প্রেমিক বলিউডের ভাইজান সালমান খানের। বলিউডের এ ‘সুপার ওয়েডিং’-এ তাই নিজের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে বিশেষ নিরাপত্তায় সেখানে যাওয়ার অনুমতি দিয়েছেন সালমান। ভিকি-ক্যাটের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের প্রিয় দেহরক্ষী শেরা থাকছেন, এটা প্রায় নিশ্চিত। ফলে এ বিয়েতে সালমান খান অংশ নিতে যেতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।
বলিউড সূত্রে জানা গেছে, রাজস্থানের ৭০০ বছর পুরনো দুর্গে বসবে দুই তারকার রাজকীয় বিয়ের আসর। এরই মধ্যে মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে রাজস্থানে এই জুটির বিয়ের অনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে।
রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার বিয়ের আসরে আমন্ত্রিতরা প্রায় সবাই হাইপ্রোফাইলের। সেই কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সেটি। রাজস্থানের প্রাচীন ওই দুর্গের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিক্যাটের বিয়েতে কেউই সেখানে তুলতে পারবেন না ছবি। করা যাবে না ভিডিও। তৈরি করা যাবে না রিলস। ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া সেই ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে না। তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগে দীপিকা ও রণবীরকেও নাকি একই প্রস্তাব দিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তবে তাতে সায় দেননি দীপবীর।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায় ঘোষণায় সন্তুোষ প্রকাশ করে আসামিদের দণ্ড দ্রুত কার্যকর করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
বুধবার (৮ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ২০ আসামির ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে এ প্রতিক্রিয়া দেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্য সংবাদমাধ্যমকে বলেন, ‘এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা হয়েছে। আমরা মনে করি, এটা দ্রুত কার্যকর হওয়া উচিত।’
এদিকে, আবরার ফাহাদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায় ঘোষণায় দেশ কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মাহাবুব আহমেদ জানিয়েছেন আবরার হত্যা মামলার রায় সঠিক হয়নি। সুষ্ঠু বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এ মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল তাদের এ মামলায় আনা হয়নি। এ মামলায় বুয়েটের যে অবহেলা ছিল সেটা আমরা যুক্তিতর্কসহ উপস্থাপন করেছি কিন্তু বিজ্ঞ বিচারক সে বিষয়টি সামনে নিয়ে আসেনি। মামলায় প্রত্যেকে আসামি করেছেন আদালত।
এ ছাড়া এ মামলায় যে ফুটেজের কথা বলা হয়েছে সেটার সম্পূর্ণ ফুটেজ আসেনি। আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি এ মামলায় একদিকের ওপর নির্ভর করে তিনি সাজা দিতে পারে না। কিন্তু বিচারক পাঞ্জাবের একটি ঘটনাকে সামনে এনে তিনি রায় ঘোষণা দিয়েছেন বলেন জানান মাহবুব আহমেদ।
মাহবুব আহমেদ বলেন, আদালতের কাছে আমরা আসামিপক্ষ থেকে যে রুলিংগুলো উপস্থাপন করছিলাম সেটার একটাও বিচারে আনেননি। পূর্ণাঙ্গ রায় পেলে বোঝা যাবে যে তিনি আমাদের বিষয়গুলো উনি উপস্থাপন করেছেন কি না।
আসামিপক্ষের আইনজীবী বলেন, আমি বলতে চাই এ মামলায় অনেক সাক্ষীর জবানবন্দির নাম নেই। তারপরেও ওই মামলায় আসামিদের সাজা দিয়েছেন। আমরা মনে করি বিচারটা ঠিক হয়নি তাই আমরা এ আসামিদের পক্ষে উচ্চ আদালতে যাব।
তিনি আরও বলেন, এ মামলায় মাস্টারমাইন্ড কাদের উল্লেখ করা হয়েছে জানতে চাইলে আইনজীবী বলেন, এ মামলায় চার্জশিটে উল্লেখ আছে যে বড়ভাইদের নির্দেশে কাজটি করা হয়েছে এ বড়ভাই কারা ছিল। এসব বড় ভাইদের তদন্তে আনা হয়নি।
এদিন মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন মোশাররফ হোসেন কাজল, আবু আবদুল্লাহ ভূঁইয়া, আবদুস সোবহান তরফদার, প্রশান্ত কুমার কর্মকার, মিজানুর রহমান, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম ও মশিউর রহমান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আমিনুল গণী, গাজী জিল্লুর রহমান, আজিজুর রহমান, ফারুক আহমেদ প্রমুখ।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, দুপুর ১২টার দিকে তাদের আদালতের এজলাসে তোলা হয়। বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ২০ মিনিটের মধ্যে মামলার রায় ঘোষণা করেন।
পিপি আবু আব্দুল্লাহ আরও জানান, সকাল সোয়া ৯টার দিকে তাদের আদালতে আনা হয়। এ মামলার তিন আসামি এখনো পলাতক রয়েছেন।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দুই বছর তিন মাস পর এ মামলার রায় হলো। এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছিল আবরারের পরিবার। ২৫ আসামির সবার ফাঁসির দণ্ড আশা করেছিলেন তার বাবা ও মামলার বাদী বরকত উল্লাহ। তবে এ রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
গত ২৮ নভেম্বর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় পরবর্তী ৮ ডিসেম্বর রায়ের জন্য তারিখ রাখেন বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
আবরার হত্যায় এজাহারভুক্ত আসামিরা হলেন- এজাহারের ১৯ আসামি: বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিই বিভাগ, ১৩তম ব্যাচ), সহসভাপতি মুহতাসিম ফুয়াদ (১৪তম ব্যাচ, সিই বিভাগ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৫তম ব্যাচ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার (মেকানিক্যাল ইঞ্জনিয়ারিং, ১৫তম ব্যাচ), সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির (ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (মেরিন ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ), উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল (বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), সদস্য মুনতাসির আল জেমি (এমআই বিভাগ), সদস্য মুজাহিদুর রহমান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), সদস্য হোসেন মোহাম্মদ তোহা (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), সদস্য এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ, ১৭তম ব্যাচ), শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৭তম ব্যাচ), মাজেদুল ইসলাম (এমএমই বিভাগ, ১৭তম ব্যাচ), আকাশ হোসেন (সিই বিভাগ, ১৬তম ব্যাচ), খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর (মেকানিক্যাল, ১৭তম ব্যাচ), মাহমুদুল জিসান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), মোয়াজ আবু হোরায়রা (সিএসই, ১৭ ব্যাচ), এ এস এম নাজমুস সাদাত (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), মোর্শেদ অমর্ত্য ইসলাম (এমই বিভাগ, ১৭তম ব্যাচ)।
এজাহারের বাইরের ৬ আসামি: বুয়েট ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না (মেকানিক্যাল, তৃতীয় বর্ষ), আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা (সিভিল ইঞ্জিনিয়ারিং), মিজানুর রহমান (ওয়াটার রিসোসের্স, ১৬ ব্যাচ), শামসুল আরেফিন রাফাত (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), উপদপ্তর সম্পাদক মুজতবা রাফিদ (কেমিকৌশল) এবং মাহামুদ সেতু (কেমিকৌশল)।
পলাতক ৩ জন: এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ, ১৭তম ব্যাচ), মাহমুদুল জিসান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ) এবং মুজতবা রাফিদ (কেমিকৌশল)।
‘স্বীকারোক্তি’ দিয়েছেন ৮ জন: মেহেদী হাসান রবিন, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মুজাহিদুর রহমান মুজাহিদ, এ এস এম নাজমুস সাদাত এবং খন্দকার তাবাখ্খারুল ইসলাম তানভীর।
মারপিটে সরাসরি জড়িত ১১ জন: মেহেদী হাসান রবিন, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মুজাহিদুর রহমান মুজাহিদ, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মুনতাসির আল জেমি, এহতেশামুল রাব্বি তানিম এবং খন্দকার তাবাখ্খারুল ইসলাম তানভীর।
ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ১১ জন: মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, মেহেদী হাসান রবিন, অনিক সরকার, মেফতাহুল ইসলাম জিয়ন, মনিরুজ্জামান মনির, ইফতি মোশাররফ সকাল, মুনতাসির আল জেমি, এহতেশামুল রাব্বি তানিম, মুজাহিদুর রহমান মুজাহিদ এবং মুজতবা রাফিদ।
উল্লখ্য, ২০১৯ সালের ৫ অক্টোবর বাংলাদেশ-ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার ফাহাদ রাব্বী। এর জের ধরে পরদিন ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল নেতাকর্মী।
তারা আবরারের ১০১১ নম্বর রুমে গিয়ে রাতে তাকে ঘুম থেকে জাগিয়ে তার ল্যাপটপ, দুটি মোবাইল ফোনসহ ২০১১ নম্বর রুমে নিয়ে আসে। এরপর ওই কক্ষে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ৭ অক্টোবর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। মোট আসামির মধ্যে ২২ জনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে। পলাতক রয়েছে তিনজন। তারা সবাই বুয়েট ছাত্রলীগ কর্মী।
বিচার চলাকালে ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২১টি আলামত ও ৮টি জব্দ তালিকা আদালতে জমা দেওয়া হয়।
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিনগত রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের মরদেহের ময়নাতদন্ত হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।
ওই ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। এরই মধ্যে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিকেটের এই বিশ্বসেরা অলরাউন্ডার।
টেস্টে ন্যূনতম ৪ হাজার রান ও ২০০ উইকেটের ক্লাবে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখালেন সাকিব।
মিস্টার সেভেন্টিফাইভের আগে গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টোরিদের মতো অলরাউন্ডার খেলোয়াড়রা এই ক্লাবে নাম লিখিয়েছেন।
তবে তাদের মধ্যেও একটি দিক থেকে সাকিব এগিয়ে আছেন। কারণ তিনি বাকিদের চেয়ে দ্রুততম হিসেবে এই ক্লাবে নাম লেখালেন। ক্যারিয়ারের মাত্র ৫৯তম টেস্টে এসে এই মাইলফলকের দেখা পেলেন তিনি। এর আগে ৬৯তম টেস্টে এসে এমন মাইলফলক ছুঁয়েছিলেন ইয়ান বোথাম।
পাকিস্তানের বিপক্ষে ঢাকায় চলমান এই টেস্টের আগে সাদা পোশাকে সাকিবের মোট রান ছিল ৩৯৩৩। চলতি টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রানে আউট হন সাকিব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ৪ হাজার রানের মাইলফলক টপকে যান সাকিব।
এদিকে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। মুশফিক এবং তামিমের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রানের মালিক এখন সাকিব আল হাসান।
প্রথম ইনিংসে ৩৩ রানের মাথায় সাজিদ খানের বলে কাটা পড়ার পর দ্বিতীয় ইনিংসে এখনো ব্যাট করছেন টাইগার এই অলরাউন্ডার। এ মুহূর্তে ৫৫ রানে অপরাজিত রয়েছেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে যখন সবাই ফল আসা নিয়েই দ্বিধায় ছিল, তখন বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারার শঙ্কা জাগে বাংলাদেশের। তবে সাকিব যতক্ষণ ক্রিজে রয়েছেন, ততক্ষণ আশাও বেঁচে রয়েছে বাংলাদেশের। তাকে এ মুহূর্তে যোগ্য সঙ্গ দিচ্ছেন মেহেদী মিরাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ২৬ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবে কোনোভাবে দিনটি শেষ করতে পারলে মান বাঁচবে বাংলাদেশের। হতাশার সিরিজে অন্তত এক ড্রয়ের সান্ত্বনা মিলবে। কিন্ত কতক্ষণ পর্যন্ত এই জুটি টিকে থাকতে পারে এখন এটাই দেখার বিষয়।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
ভারতের রাজস্থানের অলওয়ারে সরকারি স্কুলের অধ্যক্ষসহ ৯ শিক্ষকের বিরুদ্ধে চার শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি এতদিন থামাচাপা থাকলেও, সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এক ছাত্রী কিছুতেই স্কুলে যেতে চাইছিল না। বাড়ির লোকের উপর্যুপরি প্রশ্নের মুখে ভেঙে পড়ে সে পুরো ঘটনা জানায়। দশম শ্রেণির ছাত্রীটি বলে, কীভাবে এক বছরেরও বেশি সময় ধরে স্কুলের অধ্যক্ষ ও তিন শিক্ষকের লালসার শিকার হতে হয়েছে তাকে। দুই শিক্ষিকা ঘটনার ভিডিওধারণ করেছেন বলেও বাড়িতে জানায় ভুক্তভোগী ওই ছাত্রী।
অলওয়ারের মন্ধানা থানার স্টেশন ইনচার্জ মুকেশ যাদব জানিয়েছেন, তিনটি পৃথক মামলা নথিভুক্ত করে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশের সামনে হাজির হয় আরও তিন ছাত্রী। তাদের একজন ষষ্ঠ শ্রেণির, একজন চতুর্থ এবং একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রত্যেকেরই অভিযোগ, অধ্যক্ষ ও শিক্ষকেরা মিলে তাদের গণধর্ষণ করেছেন। ঘটনার কথা বাইরে জানালে খুনের হুমকিও দেওয়া হয় তাদের। চারজন শিক্ষার্থী স্কুলের অধ্যক্ষসহ ৯ শিক্ষকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে।
এক ছাত্রী পুলিশকে জানিয়েছে, যখন সে ঘটনার কথা স্কুলেরই এক শিক্ষিকাকে জানায়, তখন তাকে বিভিন্ন লোভ দেখানো হয় যাতে সে পুলিশে না যায়। এমন কি ছাত্রীদের স্কুলের বেতন প্রদান করা এবং বইপত্র কিনে দেওয়ার কথাও দেন ওই শিক্ষিকা। পাশাপাশি শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষিকা তাকে হুমকি দেন, ঘটনার কথা জানাজানি হলে বিপদে পড়তে হবে। ওই ছাত্রী পুলিশকে আরও জানিয়েছে, এই ঘটনার পরও একাধিকবার ওই শিক্ষিকা তাকে অভিযুক্ত অধ্যক্ষের বাড়িতে নিয়ে গিয়েছেন। সেখানে অধ্যক্ষ ও শিক্ষকরা প্রত্যেকেই মত্ত অবস্থায় থাকতেন। সেখানেই সবাই মিলে ছাত্রীর ওপর শারীরিক নিপীড়ন চালাতেন।
এরই মধ্যে এক ছাত্রীর বাবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে স্কুলে যান। অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। কিন্তু অধ্যক্ষ তাকে উল্টো হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষক বলেন, আমার ভাই রাজ্যের মন্ত্রী। অভিযোগ করলে প্রাণে মেরে ফেলতেও দ্বিধা করব না।
যদিও এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন অলওয়ারের সেই সরকারি স্কুলের অধ্যক্ষ। তার দাবি, এমন কোনো ঘটনার কথা তার জানা নেই।

ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
শাড়ি তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লোকসান কাটিয়ে উঠতে পারছেন না টাঙ্গাইলের তাঁতিরা। এরই মধ্যে পুঁজি হারিয়ে অনেক তাঁত বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ মালিকদের। এদিকে ব্যবসায়ী সমিতি নেতার দাবি, সরকারি সহায়তা না পেলে হারিয়ে যাবে শিল্প।
নানা প্রতিকূলতার কারণে লোকসান যেন পিছুই ছাড়ছে না টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীদের। করোনার কারণে গত বছর হাটবাজার দীর্ঘদিন বন্ধ থাকায় লাখ লাখ টাকার উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারেননি তারা। সে ধকল কাটিয়ে উঠতে না উঠতেই বন্যায় ক্ষতিগ্রস্ত হন তারা। পুঁজি হারিয়ে পথে বসেন অনেকে। আবারও ধারদেনা করে কাজ শুরু করলেও সুতা ও শাড়ি তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখছেন না তারা।
এ বিষয়ে তাঁতি ও ব্যবসায়ীরা বলেছেন, লোকসানে রয়েছি। এখন ব্যবসা বাণিজ্য নেই। সুতার দাম বেশি। তাই কাপড়ের দাম বেশি। ক্রেতা এসে ঘুরে যায়। হাটে যে কাপড় নিয়ে আসি তা বিক্রি হয় না। অন্যসব জিনিসের দাম বেশি, কিন্তু কাপড়ের দাম কম বলে তারা জানিয়েছেন।
এদিকে দূর-দূরান্তের পাইকারি ব্যবসায়ীরা জানান, প্রতিটি শাড়ির দাম বেড়ছে। তাই বিক্রি কমে যাওয়ায় লাভবান হতে পারছেন না তারা।
তাঁত শাড়ির দাম বৃদ্ধি নিয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেছেন, যে পণ্য ৩০০ দিয়ে কিনেছি, সেটি ৪৫০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। সব পণ্যের দামই বেশি এখন। আমাদের এখন পোষাচ্ছে না। কারণ ক্রেতাদের বুঝাতে কষ্ট হচ্ছে আমাদের।
দ্রুত ক্ষতিগ্রস্ত তাঁতিরা স্বল্প সুদে সরকারি সহায়তা না পেলে অচিরেই এই তাঁতশিল্প বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের।
এ বিষয়ে করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. জিন্নাহ মিয়া বলেছেন, অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। সুতার দাম বৃদ্ধির কারণে তাঁতিদের কাপড়ের দাম বৃদ্ধি করতে হচ্ছে। এই কাপড়ের দাম বৃদ্ধির কারণেই অনেক ক্রেতা কমে গেছে। যেখানে অনেক ক্রেতা ছিল করটিয়া হাটে, এখন অনেক ক্রেতা আসে না।
টাঙ্গাইলের করটিয়া হাটে প্রায় ৫ হাজার শাড়ির পাইকারি দোকান রয়েছে। স্বাভাবিক সময়ে প্রতি হাটে প্রায় ৫০০ কোটি টাকার শাড়ি বিক্রি হয়।
চেয়ারম্যান মৌসুমি আক্তার সুমি, ব্যবস্থাপনা পরিচালক সোলেমান হোসেন শাকিল, প্রধান সম্পাদক ইকবাল হাসান কাজল, নির্বাহী সম্পাদক তফছির আক্তার হুসাইন (পান্না), ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন লিটন, Mobile No: 01748831117 / 01877755551
সাধারণ বীমা সদন, ৫ম তলা, ২৪-২৫ দিলকুশা, বা/এ, মতিঝিল, ঢাকা- ১০০০।
ফোন: +88 02 57160423, +880 1711132902, +880 1915706321, +880 1787734700 নিউজ মেইলঃ dcnbanglanews@gmail.com Website: dcnbangla.tv
