ঠাকুরগাঁও প্রতিনিধি:
আব্দুল কাদের জিলানীর তথ্যের চিত্রে বিস্তারিত:
ঠাকুরগাঁওয়ে ভক্তিমূলক ও আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও ভক্তিমূলক সংগীত পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ ভক্ত এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ভক্তরা প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও আদর্শ স্মরণ করেন। পরবর্তীতে বক্তারা তাঁর মানবতা, সাম্য ও ধর্মীয় সহিষ্ণুতার বার্তা তুলে ধরে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বলেন,
“শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আদর্শ আমাদের সমাজে মানবতা, সহিষ্ণুতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের ধর্ম যথাযথভাবে পালন করব এবং অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। কোনো ধর্মকে ছোট করে দেখার মানসিকতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা করতে হবে। তবেই একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও এ উৎসবের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রয়াস নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদনমোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিরোদ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে,অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং সবার শান্তি ও মঙ্গল কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিসিএন বাংলা টিভি: