
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে জাল ভোট দিতে যাওয়ার ঘটনায় মো. আলাউদ্দিন (২৭) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৮ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন উপজেলার টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে পানিশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় আলাউদ্দিন। ভোট দিতে এলে ছবি না মেলায় ধরা পড়েন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এ ছাড়া এখন পর্যন্ত জেলার তিনটি উপজেলার ৩৩টি ইউনিয়নের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।