তুরস্কের রাজধানী আঙ্কারায় আজ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আবক্ষ ভাস্কর্য ও একটি উদ্যান উদ্বোধন করা হবে। এ সময় উপস্থিত থাকবেন আঙ্কারা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তুরস্ক ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীগণ।
এর আগে মেয়র মো. আতিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘১৩ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য ও উদ্যান উদ্বোধন করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দেশের মেয়রের প্রচেষ্টায় আমরা এটি বাস্তবায়ন করছি।’
তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে প্রতিটি দেশে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করে যাবো। পাশাপাশি আঙ্কারার সঙ্গে কীভাবে সিস্টার কনসার্ন হিসেবে কাজ করা যায়, সে বিষয়ে আমরা দুই মেয়র বৈঠক করবো।’
চাল আমদানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। যদিও চীনের সঙ্গে বাংলাদেশের আমদানি ফারাক প্রায় দ্বিগুণ।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) চলতি মাসের ‘খাদ্যশস্য: বিশ্ববাজার ও বাণিজ্য’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ বাণিজ্য বছরে বাংলাদেশ ২৬ লাখ ৫০ হাজার টন চাল আমদানি করেছে।
চাল আমদানিতে প্রথম অবস্থানে থাকা চীন প্রতি বছর ৪৫ লাখ টন চাল আমদানি করে থাকে। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইন প্রতি বছর ২৬ লাখ টন চাল আমদানি করে।
চতুর্থ অবস্থানে থাকা নাইজেরিয়ার আমদানি পরিমাণ ১৯ লাখ টন এবং পঞ্চম অবস্থানে থাকা সৌদি আরব প্রতি বছর ১৩ লাখ টন চাল আমদানি করে।
সম্প্রতি ইউএসডিএর প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যায়, বাংলাদেশ এখন বড় আমদানিকারক দেশে পরিণত হয়েছে। যদিও বাংলাদেশের আমদানি ধারাবাহিক নয়। মানে হলো, কোনো বছর উৎপাদন কম হলে বাংলাদেশ চাল আমদানি করে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ২০২১-২২ সময়ে চাল উৎপাদন আগের পূর্বাভাসের তুলনায় সাড়ে ৭ লাখ টন কম হতে পারে। উৎপাদন দাঁড়াতে পারে ৩ কোটি ৫৫ লাখ টন।
অন্যদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, দেশে মোটা চাল খুচরা পর্যায়ে কেজি ৪৪ থেকে ৪৮ টাকা দরে বিক্রি হচ্ছে। সরু চালের দাম কেজি ৬৬ থেকে ৭০ টাকা। এ ছাড়া মাঝারি চাল কেজি ৫২ টাকা পর্যন্ত দামে বিক্রি হতে দেখা গেছে।
আমদানি মূল্যের তালিকা দিতে গিয়ে খাদ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে ভারত থেকে আমদানি করলে প্রতি কেজি মোটা চালের দাম পড়বে ৩২ থেকে ৩৩ টাকা, পাকিস্তানে ৩৪ টাকা, ভিয়েতনামে ৩৮ টাকা এবং থাইল্যান্ডে ৪০ টাকা।
ঢাকা থেকে বরিশালে আসা যাত্রীবাহী লঞ্চ কুয়াকাটা-২ এর কেবিন থেকে শারমিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী মো. মাসুদকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শারমিন আক্তার ঢাকার কুনিপাড়া এলাকার এনায়েত হোসেনের মেয়ে।
সোমবার (১৩ ডিসেম্বর) র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বরিশালগামী এমভি কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে শারমিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় স্বামী মো. মাসুদকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ঘটনার দিন ১০ ডিসেম্বর বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে কুয়াকাটা-২ লঞ্চ। শুক্রবার সকালে বরিশাল বন্দরে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা কেবিনগুলো পরিষ্কার শুরু করেন। এসময় লঞ্চের নিচতলার একটি স্টাফ কেবিন তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌ-পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরঞ্জীব মুজিব’।
রোববার (১২ ডিসেম্বর) বিকেল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ সিনেমার সংবাদ সম্মেলন। এতে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলামের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র নির্মাণে সময় দেবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং অন্য ভাষাভাষীসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছে। কিন্তু এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়নি। এই চলচ্চিত্রের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম এবং প্রযোজক লিটন হায়দারকেও অসংখ্য ধন্যবাদ।
সচিব মো. মকবুল হোসেন চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন। চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলাম জানান, ২৩ জুন এ সিনেমার ৩টি পোস্টার স্বাক্ষরের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা নিবেদিত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৩১ ডিসেম্বর।
ঢাকা, ১২ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এছাড়া ১৬ ডিসেম্বর প্রত্যুষে অতিথি স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
ঢাকা, ১২ ডিসেম্বর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত ভাষা ও স্বাধীনতা সমুন্নত রেখে সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার কাজ চলছে। মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’- শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। স্পিকার বলেন, বাঙালী জাতি ভাষা ও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে- যা বিশ্বে বিরল। কোন অনুকম্পা নয় কিংবা কারো দানে নয়, রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য উপহার। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জাতির অস্তিত্বকে হুমকির সম্মুখীন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। রূপকল্প ২০২১ আজ বাস্তবতা এবং রূপকল্প ২০৪১ ও বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে সরকার কাজ করে চলেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। পরে তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রেসক্লাবের তিন দিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও অনুষ্ঠানের আহবায়ক মোঃ আইয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ জাতীয় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১২ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকারী পলাতক দন্ডিতদের ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক দাবী জানাবো। পলাতক বুদ্ধিজীবী হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আমার আলাপ হয়েছে। সেখানে আমি দন্ডিত পলাতক দুইজনকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন, আমরা যেন ফর্মালি (আনুষ্ঠানিক) এই দাবি করি। আমি তাদেরকে ফিরিয়ে দেয়ার জন্য ফর্মালি দাবি করবো। আজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩০ জন জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ ২৬ তম বিচার প্রশাসন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আজ ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন – আইন সচিব গোলাম সারোয়ার, প্রশিক্ষণ কোর্সের পরিচালক গোলাম কিবরিয়া। আনিসুল হক বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লংঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় অত্যন্ত দুঃখজনক ও কল্পনাপ্রসূত। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, তাদের একটা কর্তব্য থাকে, সেটা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা এবং যাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়, তাদের আত্মপক্ষ বক্তব্য শোনার। মন্ত্রী বলেন, এটা দুঃখজনক যে, কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই এমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রী বলেন, আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যে সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দোষী করা হয়েছে তা ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। মার্কিন যুক্তরাষ্ট কর্তৃক বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ডের অভিযোগের বিষয়ে আনিসুল হক বলেন, বাংলাদেশে কোন বিচার বহির্ভূত হত্যাকান্ড হয়নি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করেছেন সেই আবেদনের বিষয়ে কোন সিদ্ধান্ত নিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করুন জানতে পারবেন। এর আগে মামলাজট কমানোর ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, মানুষ বিচারের জন্য হাহাকার করছে। যখন তারা আদালতে বিচার পাবেন না, তখন কিন্তু বিচারের জন্য রাস্তায় নামবেন। আমরা কেউই এমন অবস্থা চাই না। মন্ত্রী মামলা নিষ্পত্তির হার বাড়াতে দুপুরে একঘন্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময়কে যথাযথ কাজে লাগানোর তাগিদ দেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের আগমুহূর্তে বুদ্ধিজীবী হত্যাকান্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম দুই হোতা ঘাতক আলবদর বাহিনীর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার মামলায় মৃত্যুদন্ড দিয়ে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ দুই আসামিই পলাতক। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এ কথা বলেন আইনমন্ত্রী।
সংস্কার কাজের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের জন্য সকালেও সোয়া দুই ঘণ্টা করে সব বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজয় দিবসের কুচকাওয়াজে ফ্লাই ফাস্টের প্রস্তুতির জন্য গতকাল শনিবার থেকে আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করা হবে। তাই এই পাঁচ দিন সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
এদিকে, এয়ারলাইন্সগুলো সংবাদ মাধ্যমকে জানিয়েছে, সকালের ওই সময়ের ফ্লাইটগুলোর সময়সূচিও পুনর্বিন্যাস করা হয়েছে। যাত্রীদের পরিবর্তিত সময়সূচি এয়ারলাইন্সগুলোর কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে।
প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচলের করার কথা রয়েছে মেট্রো রেল। আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে এই পরীক্ষামূলক মেট্রো রেল চলার কথা।তবে এতে কোনো যাত্রী থাকবে না।
সাড়ে তিন মাস আগে টেস্ট রান শুরু হলেও এতদিন ট্রেন চলাচল দিয়াবাড়ি থেকে কাছাকাছি চার পাঁচটি স্টেশনে সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই সংখ্যা বেড়ে ৯- এ পৌছাতে যাচ্ছে। মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র জানিয়েছে , ট্রেনের পরীক্ষামূলক চলাচলের জন্য উড়াল রেলপথ, বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। সকাল সাড়ে দশটা নাগাদ দিয়াবাড়ি থেকে যাত্রা শুরু করবে মেট্রো ট্রেন। এটি আগারগাঁও পৌঁছাবে বেলা এগারোটার দিকে।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘আমরা প্রকল্পের পক্ষ থেকে আগেই ঘোষণা করেছিলাম, বিজয়ের মাসে আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট পরিচালনা করব। ১৬ ডিসেম্বরের মধ্যে তা পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় সময়সূচি এগিয়ে মেট্রো ট্রেন চালানো হচ্ছে।’
২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার উড়াল রেলপথে ট্রেন চলাচল করবে বাণিজ্যিকভিত্তিতে। তবে এর আগে নির্মিত রেলপথে পরীক্ষা-নিরীক্ষা চালাতে ধাপে ধাপে ট্রেন চালানো হচ্ছে।
দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ হচ্ছে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা ।