অবশেষে দেখা মিলল মিয়ানমারে গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির। তবে স্বাভাবিকভাবে নয়, কয়েদির পোশাকে। এই পোশাক পরিয়ে আদালতে হাজির করা হয় তাকে।
রয়টার্স জানায়, ৭৬ বছর বয়সী নোবেল জয়ী সু চিকে উসকানি ও করোনাবিধি লঙ্ঘনের অভিযোগে সামরিক সরকারের বিশেষ আদালত চার বছরের কারাদণ্ড দেয়। পরে তার সাজার মেয়াদ কমিয়ে দুই বছর করেন জান্তাপ্রধান। তাকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) আদালতে তাকে সাদা ব্লাউজ আর বাদামি ডোরাকাটা লুঙ্গি পরিয়ে হাজির করা হয়। এটি মিয়ানমারের কয়েদিদের পোশাক। এ দিন তাকে কয়েদির পোশাকের ওপর ঠাণ্ডার কারণে একটি ওভারকোট পরতে দেখা গেছে। যদিও তার হাতে কোনো হাতকড়া লাগানো ছিল না। তবে সু চি সাধারণত কানে যে দুল এবং ঘড়ি পরেন তাও তাকে পরতে দেখা যায়নি।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেদিনই সু চি ও তার দলের অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। সু চিকে তখন থেকেই বন্দি করে রাখা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই মিয়ানমারের সামরিক বাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। গত ৬ ডিসেম্বরে সু চির জেলের রায় হওয়ার পর এর সমালোচনা করেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উপপরিচালক মিং উ হাহ।
’বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ আজ। শনিবার (১৮ নভেম্বর) এ দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবভন থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিতি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেবেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওইদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ‘ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর), সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে।
হ্যাকিংসহ বিভিন্ন অনলাইন নজরদারির সঙ্গে জড়িত সন্দেহে কমপক্ষে ৭টি সংস্থাকে নিষিদ্ধ করেছে সামাজিক মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
প্রতিষ্ঠানগুলোর অনৈতিক কর্মকাণ্ডের শিকার হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ৫০ হাজারের বেশি ব্যবহারকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে মেটা।
সম্প্রতি ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের মতো ‘ডিজিটাল গোয়েন্দা সংস্থাগুলোর’ বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এর সঙ্গে তাল মিলিয়ে তৎপর হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও।
তারই ধারাবাহিকতায় হ্যাকিংসহ বিভিন্ন অনলাইন নজরদারির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধি ঘোষণা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
মেটা’র প্রতিবেদনে যে প্রতিষ্ঠানগুলোর নাম উঠে এসেছে তার মধ্যে আছে কগনাইট, ভেরিন্ট সিস্টেমস, ইসরায়েলের প্রতিষ্ঠান ব্ল্যাক কিউব ও ‘কবওয়েবস টেকনোলজিস এবং ভারতীয় প্রতিষ্ঠান ‘বেলট্রক্স’-এর নাম।
সংস্থাগুলোর প্রতি ভুয়া অ্যাকাউন্ট খোলা, যাদের টার্গেট করা হয়েছে তাদের ফেসবুক বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়া এবং হ্যাকিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে ভুয়া তথ্য ছড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে মেটার।
মেটা জানায়, নজরদারির ভুক্তভোগীদের মধ্যে ছিলেন তারকা ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সংবাদকর্মী, আইনজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং সাধারণ ব্যবহারকারীরাও। এমনকি নজরদারি থেকে বাদ যাননি ভুক্তভোগীদের পরিবার ও কাছের বন্ধুরাও।
মেটা’র পাশাপাশি অন্যান্য সামাজিকমাধ্যমগুলোর দিক থেকেও একই ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে প্রায় ৩০০ ইউজার অ্যাকাউন্ট মুছে দিয়েছে আরেক সামাজিক মাধ্যম টুইটার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিংয়ে সৌদি আরব ফেরত এক যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকা কাস্টম হাউসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোনার বার পাওয়া ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাদ্দাম হোসেনের বাড়ি বগুড়ায়।
বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে সাদ্দামের ব্যাগ থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৬০ গ্রাম। জব্দ সোনার বারের আনুমানিক বাজারমূল্য ৭৩ লাখ টাকা। বিমানবন্দর থানায় সাদ্দামের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানায় ঢাকা কাস্টম হাউস।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মো. জাহিদ হোসেন খলিফা (৫৫) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক করেছে র্যাব।
আটক জাহিদ বগুড়া সদর থানার কাটনার পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করে র্যাব ১৫-এর অভিযানিক দল।
বুধবার সকালে টেকনাফ র্যাব-১৫ সিপিসি ১-এর কার্যালয়ে কোম্পানি কামান্ডার লে. কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার।
র্যাব জানায়, বগুড়ার ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মো. জাহিদ হোসেন খলিফা কক্সবাজার সুগন্ধা পয়েন্টে আত্মগোপন করে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতসহ আরও আটটি মামলা রয়েছে। তিনি বিগত ১০ বছর ধরে গ্রেফতার এড়াতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
আইনি কার্যক্রম শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।
প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা।
এদিকে অবসরে যাওয়ার আগে প্রধান বিচারপতি বললেন, বিচারপতি নিয়োগে আইন হওয়া দরকার। এতে দূর হবে বিভ্রান্তি।
বুধবার (১৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিদায়ী সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মুখোমুখি এ কর্মসূচি চলে আদালতে।
কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও প্রধান বিচারপতির বিদায়ী অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এবার তাদের অভিযোগ- যথাযথভাবে দাওয়াত না দেওয়ার।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নানা অভিযোগ তুলে ধরেন।
বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগ ও সাধারণ আইনজীবীরা। এ সময় বিএনপির আইনজীবীদের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, রাজনৈতিক কারণে করুক আর যে কারণেই করুক তারাই সেটা ভালো বলতে পারবেন (বিএনপিপন্থি আইনজীবীরা) এ নিয়ে আমি কিছু বলব না। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনারা উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন। সাধারণ আইনজীবীরা ও জ্যেষ্ঠ আইনজীবীরা এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আদালত ভবনে তিল ধারণের জায়গা ছিল না।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, বিচারক নিয়োগে আইন হলে নিয়োগ নিয়ে জনমনে বিভ্রান্তি দূর হবে।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, বিচারপতি নিয়োগে সংবিধানে যে বিধান আছে, সেই বিধান অবশ্যই পালন করতে হবে। সংবিধান অনুসারে করতে হবে।
আগামী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে বুধবারই ছিল তার শেষ কর্মদিবস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও মুক্তিযুদ্ধের সব ছবির স্বত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, এসব ছবির মালিক রাষ্ট্রই বলে রায় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রায় দেন। বঙ্গবন্ধুর নামে বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনায় একটি বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিকের বিরুদ্ধে জারি করা রুল নিষ্পত্তি করে পর্যবেক্ষণসহ এ রায় দেয় আদালত।
আদালতে রিটকারী আইনজীবী সায়েদুল হক সুমনের পক্ষে ছিলন আইনজীবী অনিক আর হক। আর সাংবাদিক নাজমুল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
রায়ের পর পর সাংবাদিক নাজমুলের আইনজীবী বলেন, ‘এটা খুবই স্বাভাবিক ছবিগুলো সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ মেমোরিয়াল ট্রাস্ট থেকে। এখন আমরা সেই ছবিগুলোর কপিরাইট দাবি করব না, তবে বইয়ের কপিরাইট আমাদেরই থাকবে। এটাই আদালতের পর্যবেক্ষণ।’
অন্যদিকে রিটকারীর আইনজীবী অনিক আর হক বলেন, ‘আদালত আজ আদেশ দিয়েছে, বঙ্গবন্ধুর ছবিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো স্বত্ব থাকবে না। বঙ্গবন্ধুর ছবির স্বত্ব থাকবে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে। এখানে কেউ নিজের কপিরাইট দাবি করতে পারবে না।
উল্লেখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নারে’ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে ৩৯টি বই কেনার অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে।
রায়ে বলা হয় ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ ও ‘৩০৫৩ দিন’ বইয়ের মেধাস্বত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারবে না। বঙ্গবন্ধুর ছবির স্বত্ত্ব থাকবে জনগনের ও রাষ্ট্রের।
বই দুইটিতে ব্যবহৃত ছবিতে কৃতজ্ঞতা উল্লেখ করতেও বলা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শফিউল্লাহ জুয়েল (৪৪) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ঢাকার তুরাগ থানায় পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজুলের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক হুমায়ন কবির জানান, রাতে ঢাকা-মেট্রো-গ- ১৪-৫২২৮ নম্বরের একটি প্রাইভেটকারে চড়ে জুয়েল বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে পুরিন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর অবস্থায় শফিউল্লাহ জুয়েলকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। পরে সকালে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।