কাঁড়ি কাঁড়ি ট্যাকা দিয়া আমার জামাইরে ছাড়াইয়া নিয়া আসব: সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী
ডিসিএন টিভি নিউজ
প্রকাশিত: রোববার, ১৬ মার্চ ২০২৫ইং চট্টগ্রামের ডবল মার্ডারসহ একাধিক হত্যা মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রীকে ভিডিওতে বলতে শোনা যায়, আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। স্ত্রী তামান্না শারমিন ভিডিওতে ১৭ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে ১০ থেকে ১২ দিনের মধ্যে জামিনে ছাড়িয়ে আনবেন জানিয়ে বলেন, আমার জামাই গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। আপনারা যারা ভাবতেছেন, আর কোনোদিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।
শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা-পুলিশ।
এর আগে, তাকে ধরতে গত ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ হোসেন।
রোববার (১৬ মার্চ) এ বিষয়ে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, দুর্ধর্ষ এই সন্ত্রাসী যাতে সহজে বেরিয়ে আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গ্রেপ্তারের পর সাজ্জাদকে চান্দগাঁও থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পর্যায়ক্রমে বাকি সব মামলায় রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ জানায়, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে। আনিস, কায়সার ও আফতাব উদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি। জানা গেছে, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি। গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।
ডিসিএনটিভি/