আজ বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়। দেশের ৮ জ্যেষ্ঠ সাংবাদিককে বৈঠকে আমন্ত্রণ জানান হলেও জাজেস লাউঞ্জে উপস্থিত হয়েছেন চার সাংবাদিক। তারা হলেন-বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। সাংবাদিকদের বৈঠকের পর সার্চ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করবেন। এরপরই সার্চ কমিটি তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করবে।
এর আগে, সার্চ কমিটির সঙ্গে বৈঠকের জন্য প্রথমবারের ডাকে যেসব সাংবাদিক নেতৃবৃন্দ আসেননি তাদের মধ্যে ৮ জনকে আজকের বৈঠকের জন্য ডাকা হয়। এদিকে, গতকাল প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিবর্গের প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এসব ব্যক্তিদের মধ্যে থেকেই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে যোগ্যদের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্যে থেকেই ৫ জনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
গেল শনিবার প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরের দিন রবিবার বিকালেও বৈঠক হয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের লক্ষ্যে গেল ২৭শে জানুয়ারি ‘নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ জাতীয় সংসদে পাস হয়। এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি।
ডিসিএন বাংলা/জা.নি.