বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে বাগমারা বাজারে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে যায়। পরে রাত পৌনে ৩টার দিকে মসজিদের ইমাম মাইকে আগুন লাগার খবর ঘোষণা দিলে পাড়ার লোকজন এসে আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ১৫টি দোকান ও নগদ ১০ লাখ টাকা সম্পূর্ণ পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা ধারণা করছে। গভীর রাতে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় মালামালও উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে,তা নিরূপণ করা না গেলেও ক্ষয়ক্ষতি কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। জামছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার খুশি তংচংগ্যা জানান, রাত পৌনে ৩টার দিকে হঠাৎ করে বাগমারা বাজারে আগুন লাগে। মসজিদের ইমাম মাইকে ঘোষণা দিলে পাড়াবাসী ছুটে এসে আগুন নেভায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ১ ঘণ্টা পরে আসে, ততক্ষণে সব পুড়ে যায়।
ডিসিএন বাংলা/দু.বা.নি.