
ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। এ অবস্থায় ফের সব জায়গায় নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। তারই অংশ হিসেবে নতুন করে কর্মীদের জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে টেক জায়ান্ট গুগল।
সংক্রমণরোধে কোভিড টিকা না নিলে, এমনকি টিকা সংক্রান্ত নিয়ম অনুসরণ না করলে বেতন কেটে নেওয়া হবে। যেতে পারে চাকরিও। কর্মীদের এমনই হুঁশিয়ারি বার্তা দিয়েছে গুগল।
সম্প্রতি সিএনবিসির একটি প্রতিবেদনের বরাতে বুধবার (১৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গুগলের বরাতে প্রতিবেদনে বলা হয়, ৩ ডিসেম্বর পর্যন্ত টিকার সব নথি প্রমাণসহ দাখিল করতে হবে। তার পরের তারিখের কোনো নথি জমা নেওয়া হবে না। যারা ওই সময়ের মধ্যে নথি দেখাতে পারেননি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সংস্থাটি।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ১৮ জানুয়ারির মধ্যে যেসব কর্মী কোভিড টিকার নিয়ম অনুসরণ করবেন না তাদের ৩০ দিনের জন্য সবেতনে ছুটিতে পাঠানো হবে। তারপর ৬ মাসের জন্য বেতনহীন ছুটিতে পাঠানো হবে। এমনকি চাকরিও হারাতে পারেন তারা। যদিও এ বিষয়টি প্রকাশ্যে আসার পর গুগলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।