
ডিসিএন বাংলা, স্টাপ রির্পোটারঃ
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শৃঙ্খলা মেনে চলতে বিজিবির নতুন সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিজিবির ৯৫তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এই নির্দেশনা দেন। বিজিবির শক্তি বৃদ্ধিতে এরই মধ্যে ১৫ হাজার জনবল নিয়োগের কাজ শুরু হয়েছে। নতুন করে নারী সদস্যদের যুক্ত করা হচ্ছে। সীমান্তে চোরাচালান, মাদকসহ সবধরনের অপতৎপরতা বন্ধে বিজিবিকে সব সময় তৎপর থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমি এইটুকু বলব, দেশ ও জাতির প্রতি একটা সেবার মনোভাব নিয়ে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে এই দেশ অর্থনৈতিকভাবে যত উন্নত হবে, আপনারদের পরিবারগুলোও উন্নত হবে।
এসময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনায় সাধারণ মানুষের কষ্ট দূর করা এবং দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতেই প্রণোদনা দেয়া হয়েছে। দেশের নাগরিকদের জীবনের সুরক্ষা ও সুন্দর জীবন নিশ্চিতে এরই মধ্যে করোনা ভ্যাকসিন কেনার অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ প্রান্তে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো.সাফিনুল ইসলামসহ ঊর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।