আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৫টি পৌরসভার মধ্যে ২৩টিতে প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটির বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও দলের ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন।
প্রার্থীরা হলেন পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, পীরগঞ্জ উপজেলার রেজাউল করিম, ফুলবাড়ী উপজেলার মো. শাহাদাৎ আলী, বদরগঞ্জ উপজেলার ফিরোজ শাহ, কুড়িগ্রাম উপজেলার শফিকুল ইসলাম, পুঠিয়া উপজেলার আল মামুন, কাটাখালী উপজেলার সিরাজুল হক, শাহজাদপুর উপজেলার মাহমুদুল হাসান, খোকসা উপজেলার রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গা উপজেলার সিরাজুল ইসলাম, চালনা উপজেলার আবুল খায়ের খান, বেতাগী উপজেলার হুমায়ুন কবির, কুয়াকাটা উপজেলার আবদুল আজিজ, উজিরপুর উপজেলার শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জ উপজেলার এস এম মনিরুজ্জামান, গফরগাঁও উপজেলার শাহ আবদুল্লাহ আল-মামুন, মদন উপজেলার এনামুল হক, মানিকগঞ্জ উপজেলার আতাউর রহমান, শ্রীপুর উপজেলার শহিদুল্লাহ শহিদ, দিরাই উপজেলার ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখা উপজেলার আনোয়ারুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলার এম এফ আহমেদ অলি ও সীতাকুণ্ড উপজেলার আবুল মুনছুর। তবে, পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভায় এখনো প্রার্থী ঘোষণা হয়নি। উল্লেখ্য গত ২৮ নভেম্বর ২৫টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায় সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ত্রাণ ও সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির যৌথ উদ্যোগে আয়োজিত করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্মরত চিকিৎসকদের মাঝে উন্নতমানের এন-৯৫ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
করোনার গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন প্রাপ্তিকে সহজ ও দ্রুত সময়ের মধ্যে জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন করারও নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, বৈশ্বিক এ মহামারি সত্বেও বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফরেন কারেন্সি রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব। একটি অশুভ মহল বৈশ্বিক মহামারির এই মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবিলা আরো সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কম হতো। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবেন এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিএনপি মহাসচিব সম্প্রতি রাজধানীর ৩টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে যে দাবি করেছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঘটনাটি রহস্যজনক তো বটেই। তবে এ রহস্যের পিছনে কারা আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। দেশের শান্তি বিনষ্টের কোন ষড়যন্ত্র অগ্নিসংযোগের ঘটনায় আছে কিনা সেটা তদন্তের পরে বেরিয়ে আসবে। এই ঘটনা স্বাভাবিক নাকি নাশকতা এবং এর সঙ্গে যারাই জড়িত তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়, কাজেই অগ্নিসংযোগ ঘটনাও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পূরানো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে।
এসময় ওবায়দুল কাদের ডাক্তার মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অভিনেতা আলি যাকেরের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। ধানমন্ডি প্রান্তে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।