জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। কিছুদিন আগে হ্যাকিংয়ের শিকার হয় তার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট। সেগুলো রিকভার করে আবারো অনলাইনে ফিরেছেন তিনি।
শোনা যাচ্ছে বাংলা সিনেমায় ফিরবেন শাবনুর। কিন্তু সেটা কবে, তা নিশ্চিত জানাতে পারছিলেন না কেউই। সোমবার (১৩ ডিসেম্বর) নতুন এক ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। শাবনূর ফেসবুকে তার পার্সোনাল ব্লগে জানিয়েছেন ইউটিউবে ফেরার কথা।
শাবনুর লিখেছেন— ‘প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন। সেই উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি।’
সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি তার।
জয়া আহসান সফল মডেল ও অভিনেত্রী। দেশের পাশাপাশি ভারতেও সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
জয়া আহসানের ভক্ত সংখ্যা গুণে শেষ হবে না। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে সব সময় নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে তুলে ধরতে দেখা যায়। তবে এবার নিজের লুকে একটু বেশিই ভিন্নতা এনে নেটিজেনদের মাঝে সাড়া ফেলে দিয়েছেন জয়া। অভিনেত্রী নতুন কোনো ছবি দিলেই তাতে নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েন।
এই গুণী অভিনেত্রী সম্প্রতি ভারতীয় এক বাংলা ফ্যাশন ম্যাগাজিনের হয়ে ফটোশুট করেছেন। সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তা দেখে অনুরাগীদের চোখ কপালে। জয়ার থেকে যেন চোখ ফেরানোই দায়।
গোলাপি সিল্কের শাড়িতে চওড়া হলুদ পাড়। সামনে আঁচল দিয়ে শাড়িতে বাঙ্গালিয়ানার ছাপ স্পষ্ট। গলায় ভারি গয়না, কোমর বন্ধনী। টানটান করে খোঁপা বেঁধে তাতে সাদা ফুলের মালা লাগিয়েছেন নায়িকা। তারা মন্তব্য করেছেন, ‘তোমাকে কী যে দারুণ লাগছে বলে বোঝাতে পারব না’, ‘এত সুন্দরী যে তুমি কীভাবে দিন দিন হয়ে যাচ্ছ।’
ভারতে জয়ার অভিনীত প্রথম সিনেমার নাম ‘আবর্ত’। এরপর ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’ এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। বছরের অনেকটা সময় এখন ভারতেই থাকেন জয়া। এরপর তাকে দেখা যাবে ‘বিনি সুতো’য় ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে। ইতোমধ্যেই সিনেমার ট্রেলার বেশ প্রশংসিত হয়েছে।
বড়দিন সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে ফ্রান্সের প্যারিস।
রাতের সৌন্দর্য উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। উৎসব আমেজের পাশাপাশি কেনাকাটাতে ব্যস্ত সময় পার করছেন ফরাসিরা।
লাল, নীল, কমলা, বেগুনি, সবুজ নানা রঙের আলোঝলমলে শহর বলে দেয় উৎসব এসে গেছে। প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার সেজেছে উৎসবের রঙে। সুউচ্চ টাওয়ার থেকে ছড়ানো আলোর দ্যুতি যেন মুগ্ধতা ছড়াচ্ছে প্যারিসবাসীর মাঝে।
ক্রিস্টমাস ট্রি, বিভিন্ন স্থাপনার পাশাপাশি প্যারিসের দোকানপাটেও আলোকসজ্জা করা হয়েছে। রাতের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
আলোকসজ্জা ছাড়াও সান্তাক্লজ কিংবা বড়দিনের আবহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্যারিসজুড়ে। সেখানেও ঢু মারছেন স্থানীয় ও পর্যটকরা। উৎসব আমেজে কেউ কেউ বড়দিনের কেনাকাটাও সেরে নিচ্ছেন।
করোনার নতুন ধরন ওমিক্রনের শঙ্কার মধ্যেই দেশটিতে কোভিডের পঞ্চম ঢেউ উঁকি দিচ্ছে। তবে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশটির ৯০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। তাই উৎসবে উদযাপনে আগের মতো কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষপাতি নয় সরকার।
সৃজিত মুখার্জি ভারতীয় নির্মাতা হলেও তার আরও একটি পরিচয় তিনি বাংলাদেশের জামাই। বিয়ে করেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এই পরিচালক এসেছেন শ্বশুরবাড়ি। আর এসেই ঢুঁ মারলেন মিরপুরের ক্রিকেট মাঠে। সেখানে বসেই বাংলাদেশের জন্য দিলেন দারুণ এক সুখবর।
বায়োপিক বা সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণে দারুণ পটু ওপার বাংলার এই খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। নিজের সে প্রতিভা দেখিয়েছেন বহুবার। এবার আরও দুটি বাস্তব ঘটনা সেলুলয়েডের পর্দায় আনতে চান গুণী এই নির্মাতা। যে দুটো সিনেমা হবে ক্রিকেট কেন্দ্রিক। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো দুটো সিনেমাই বাংলাদেশ কেন্দ্রিক। সিনেমায় তুলে ধরতে চান বাংলাদেশের দুই সুপারস্টার ক্রিকেটার রাকিবুল হাসান ও সাকিব আল হাসানকে।
বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর স্টেডিয়ামে চলা বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে হাজির হয়ে নিজের অভিপ্রায়ের কথা জানিয়েছেন সৃজিত মুখার্জি। সৃজিত জানান, তার খুব ইচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার রাকিবুল হাসান ও সাকিব আল হাসানকে নিয়ে চলচ্চিত্র তৈরি করার। তবে বিষয়টি নিয়ে এখনও কারও সঙ্গেই কথা হয়নি।
রাকিবুল হাসান প্রসঙ্গে সৃজিত জানান, রাকিবুল হাসান সিনেমার জন্য দুর্দান্ত ক্যারেক্টার। তার যে সাহসিকতা ও অবদান তার জন্য অবশ্যই তাকে নিয়ে সিনেমা হওয়া উচিত। ঠিক একইভাবে সাকিবের বিষয়ও তুলে ধরেন সৃজিত। তিনি মনে করেন, সাকিব বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় খেলোয়াড়। এমনকি সাকিবের জন্যই সৃজিত বাংলাদেশের ভক্ত। তার এই অনবদ্য অবদানের কারণে তাকে নিয়েও সিনেমা বানানোর ইচ্ছা সৃজিতের।