রাজধানীতে পৃথক ঘটনায় গৃহকর্মীসহ তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- শান্তি নগরের বাসিন্দা সাদিয়া (১৬), মান্ডা এলাকার বিদ্যুৎ (১৮) ও রামপুরার রিনভী আক্তার (২৩)। গতরাতে এই পৃথক ঘটনাগুলোতে তাদের মৃত্যু হয়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, সাদিয়ার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবার নাম সাইদুল ইসলাম। বেশ কয়েক মাস ধরে সাদিয়া শান্তিনগরের পীর সাহেব গলির ১২৫ নম্বর বাড়ির চতুর্থ তলার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। গতকাল রাতে সে বাসায় একাই ছিল।
গৃহকর্তা পরিবারসহ নারায়ণগঞ্জের একটি অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে তারা বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে তালা-চাবি মিস্ত্রী এনে কক্ষের দরজা খুলেন। এসময় কক্ষের ভেতর ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে মুগদার উত্তর মান্ডা খালপাড় এলাকায় ৩৫/১ বাড়ির নিচ তলায় দাদা- দাদির সাথে থাকতো বিদ্যুৎ। তার বাবা মৃত কামাল হোসেন। বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
তার চাচা আবুল কালাম জানান, বিদ্যুৎ রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করতো। কিছুটা মাদকাসক্ত ছিলো সে। গতরাতে খাবার খেয়ে সে বাসা থেকে দ্রুত বের হয়ে যায়। এতে বিদ্যুতের ছোট চাচার সন্দেহ হলে কিছুক্ষণ পর তাকে খুঁজতে বের হন। রাত ১১টার দিকে বাড়িটির পঞ্চম তলার ছাদে পানির পাইপের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তাকে। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
অপরদিকে রিনভী আক্তারের মামা শহিদুল ইসলাম জানান, রিনভীর স্বামী রাসেল যুক্তরাষ্ট্র প্রবাসী। মা-বাবার সাথে রামপুরার তালতলা বি ব্লকের একটি বাসায় থাকতো সে। গতরাত ১১টার দিকে মায়ের সাথে ঝগড়া করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রামপুরার রিনভীর মরদেহ স্বজনদের সুপারিশের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বাকি দুটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। দুপুরে তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছবির উদ্দিন (৫০) নামে এক ব্যাক্তি নামে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়সূত্রে জানাযায়, ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে ছবির উদ্দিন (৫০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শনিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রবিবার শিক্ষক ছবির উদ্দিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই শিক্ষার্থীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় ওই শিক্ষার্থী। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ইসি সচিব জানান, আজকের (শনিবার) কমিশন সভায় ষষ্ঠ ধাপে দেশের ২১৯টি ইউপিতে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, সারা দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৭৮টি। নির্বাচন হয়নি এমন ইউনিয়ন পরিষদ রয়েছে ৮০৫টি। এর মধ্যে নির্বাচন করার মতো উপযোগী রয়েছে ৩২৫টি। ওই ৩২৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২১৯টিতে ষষ্ঠ ধাপে তফসিল ঘোষণা করা হলো। বাকি ১০৬টি ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে- তা কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
৭০ শতাংশ নয়, ৫০ শতাংশ সিলেবাস চাই, সিলেবাসের ওপর সময় নির্ধারণ, গ্রুপিয়াল বিষয়ে পরীক্ষা ও করোনার অজুহাত না দেখিয়ে এইচএসসি পরীক্ষা-২০২২ এর পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন জারির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা শহরে একটি র্যালি করে।
শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ‘এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ ২০২২’ এর ব্যানারে মাইজদী টাউন হল মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে তারা একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও র্যালিতে নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, কবিরহাট সরকারি কলেজ, ন্যাশনাল মডেল কলেজ, মাইজদী পাবলিক কলেজ, বাধেরহাট কলেজসহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কয়েকজন অভিভাবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, আমাদের আগের ব্যাচের পরীক্ষার্থীরা সরাসরি ক্লাস করে মাত্র ৩টি বিষয়ের পরীক্ষা দিয়েছে। কিন্তু আমরা মাত্র ৬ মাস ক্লাস করে কেন ৭০ শতাংশ সিলেবাসে পরীক্ষা দেব। আমরা এ বৈষম্যের নিন্দা জানায়। আমাদের এ ৪ দফা দাবি মেনে না নেওয়া হলে আমরা আরও কঠোর আন্দোলন করবো।
মাথায় পতাকা, মুখে স্লোগান নিয়ে ‘বিজয় শোভাযাত্রা’ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে।
এর আগে ঢাকাসহ সারা দেশ থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিতে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বর্তমানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে যাচ্ছে এই র্যালি। মহানগরের প্রতিটি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারাও।
ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে জয় বাংলা স্লোগানে দলে দলে যোগ দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সদস্যরা। তারা বলছেন, আগামীর বাংলাদেশ হবে আরও সমৃদ্ধি আর অর্থনৈতিক মুক্তির।
শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান এর সামনে থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ এ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাওয়া মেশিন বিস্ফোরণে মামুন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের ডাঙ্গাপাড়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুর দুয়ার গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে । আহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সিরাজউদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও পঞ্চগড় সদরের নিমনগর এলাকার মকলেছের ছেলে নাজমুন (১৬)।
স্থানীয়রা জানায়, ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকায় নাজমুন সকালে ট্রাকের চাকায় হাওয়া দেওয়ার জন্য হাওয়া মেশিনে হাওয়া লোড করছিল। এক সময় হাওয়া মেশিনটি বিস্ফোরিত হয়ে নাজমুনসহ পাশে থাকা মামুন ও রবিউলের গায়ে লাগে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবুল আলম ভূঁইয়া মামুনকে মৃত ঘোষণা করেন।
এদিকে নাজমুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, হাওয়া মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত দুই জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়েছে।
অধিবাসী বাংলাদেশিদের জন্য আলাদা ইকোনমিক জোন করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।
শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের অংশ নিতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। চলতি বছর ৯ থেকে সাড়ে ৯ লাখ কর্মী বিদেশ যাবে এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী বছর রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।
এদিন প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, বিদেশে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে দূতাবাসগুলো। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
এর পাশাপাশি বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান উন্মুক্ত করা এবং বিমান ভাড়া কমানোর লক্ষ্যে কূটনীতিক তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
আগামী ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস হিসেবে উদযাপনের লক্ষ্যে প্রস্তাব করা হবে বলেও জানান তিনি।
এ অনুষ্ঠানে প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রবাসী সিআইপিদের পুরস্কৃত করা হয়।