টেস্ট ক্রিকেটে ৫০০ রানের বেশি করলেই লেখা হয় রানের পাহাড় গড়েছে। কিন্তু আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে বুস্ট রিজিওন প্রথম ইনিংসে ৮৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। যা আফগানিস্তান ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড।
বুস্ট রিজিওন প্রথম ইনিংসে করা ৮৬৪ রানের মধ্যে ডাবল সেঞ্চুরি করেন একজন আর চারজন করেন সেঞ্চুরি। টেস্ট খেলুড়ে আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট আহমাদ শাহ আবদালি টুর্নামেন্টের ১০ম ম্যাচে স্পিন ঘার রিজিওনের মুখোমুখি হয়েছে বুস্ট রিজিওন। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বুস্ট রিজিওন ৯ উইকেট হারিয়ে ৮৬৪ রানে ইনিংস ঘোষণা করে।
সাম্প্রতিক সময়ে যে কোনো ক্রিকেটে এতো রানের দেখা মেলেনি। সর্বশেষ ২০০৭ সালে ইংল্যান্ডের লিগে সমারসেট-মিডলসেক্সের ম্যাচে এক ইনিংসে ৮০০ রানের দেখা মিলেছিল।
বুস্ট রিজিওনের হয়ে দুইশ হাঁকান অধিনায়ক মুনির আহমাদ। ৩৩৩ বলের মোকাবিলায় করেন ২১১ রান। এছাড়া দারউইশ রাসুলি ১৩৭ বলে ১১২, আসিফ মুসাজাই ১৯০ বলে ১০১, ওয়াকারউল্লাহ ইসহাক ১৫৮ বলে ১০০ রান করেন। এছাড়াও নুমান শাহ ৯০ বলে ৭০ ও মোহাম্মদ ইবরাহিম ১১৫ বলে অপরাজিত থাকেন ৬০ রানে। চারদিনের ম্যাচের তৃতীয় দিন ইনিংস ঘোষণা করে দলটি।
তবে বুস্ট রিজিওনের করা ৮৬৪ রানের রেকর্ডটি প্রথম শ্রেণি ক্রিকেটে সর্বোচ্চ রানের সংগ্রহ নয়। ১৯২৬-২৭ সালের শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১১০৭ রানের সংগ্রহ করেছিল ভিক্টোরিয়া।
ইংল্যান্ডের জিম লেকার এবং ভারতের অনিল কুম্বলের পর টেস্ট ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট পাওয়ার কৃতিত্ব গড়লেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। তার ১০ উইকেটের কল্যাণে ৩২৫ রানেই ভারতের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে।
টেস্ট ক্রিকেটে ১৪৪ বছরের ইতিহাসে মাত্র তিনজন খেলোয়াড় এমন কীর্তি গড়েছেন। তাদের মধ্যে একজন আর এই পৃথিবীতে নেই। ২২ বছর আগে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। অন্যদিকে কুম্বলেরও ৪৩ বছর আগে ইংলিশ ক্রিকেটার জিম লেকার অস্ট্রেলিয়ার বিপক্ষে পৃথিবীর প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছিলেন।
স্বাভাবিকভাবেই এমন রেকর্ড করার পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন প্যাটেল। তবে ভারতের সাবেক লেগ স্পিনার অভিনন্দন জানিয়েছেন একটু ভিন্নভাবেই। টুইটারে কুম্বলে প্যাটেলকে অভিনন্দন জানিয়ে সতর্কও করে দিয়েছেন তাকে।
কুম্বলে বলেছেন, ‘এই যে কীর্তিটা গড়লে, এখন থেকে দেখবে, সবাই প্রতি ম্যাচেই তোমার কাছে ১০ উইকেট চাইবে।’ যদিও ভারতের এই সাবেক খেলোয়াড় মজা করেই কথাটা বলেছেন। তবে একজন বোলার এমন রেকর্ড গড়ার পর নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় তাও জানালেন তিনি।
কুম্বলে বলেন, ‘অভিনন্দন তোমাকে। ১০ উইকেট নেওয়ার ক্লাবে স্বাগত। এজাজ অসাধারণ করেছ টেস্টের প্রথম দুই দিনেই ১০ উইকেট তুলে নিয়ে। একটা কথা বলি, এখন থেকে কিন্তু সবাই তোমার কাছ থেকে প্রতি ম্যাচেই ১০ উইকেটের প্রত্যাশা করবে।’
জিম লেকার এবং অনিল কুম্বলে থেকে কিছুটা পার্থক্য রয়েছে এজাজ প্যাটেলের রেকর্ডটি। গত দুই বোলারই ঘরের মাঠে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন। তবে এজাজ প্যাটেলই প্রতিপক্ষের মাঠে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।
মুম্বাইয়ে জন্ম নেয়া এজাজ ১৯৯৬ সালে পুরো পরিবার নিয়ে পাড়ি জমান নিউজিল্যান্ডে। সেখানে নাগরিকত্ব পেয়ে তিনি এখন কিউই খেলোয়াড়।