রিপোর্ট: বীথি শর্মা বনিক, এর প্রতিবেদনে
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে ঝালকাঠির পাশা নার্সিং কলেজে শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নিয়ে তাঁরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিকাল প্র্যাকটিস বর্জন করেন। একইসঙ্গে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসও বর্জন করেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাসের পর তাঁরা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এবং ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করেন। অথচ কোর্স শেষে তাঁদের দেওয়া হয় এইচএসসি সমমানের সনদ। যা তাঁরা ‘অবমাননাকর ও অযৌক্তিক’ হিসেবে উল্লেখ করেন।
এক শিক্ষার্থী বলেন, “আমরা তিন বছর ক্লাস করেছি, হাসপাতালের ওয়ার্ডে দায়িত্ব পালন করেছি, রোগী সামলেছি, আবার ইন্টার্নশিপও শেষ করেছি। তারপরও আমাদের সনদ এইচএসসি সমমান! এটা মানা যায় না।
তাঁরা আরও জানান, ডিগ্রি সমমানের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।
ডিসিএন বাংলা টিভি/