রিপোর্ট: বীথি শর্মা বনিক এর প্রতিবেদনে
ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি গ্রামের তরুণ উদ্যোক্তা মো. আজিজুল হক নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দন আম বাগান। ২০১৪ সালে ঢাকায় চাকরি করাকালীন নিজের এলাকায় কিছু করার চিন্তা থেকেই শুরু করেছিলেন ফলদ বৃক্ষ রোপণ।
শুরুর দিকে বাড়ির পাশে অল্প কিছু পতিত জমিতে বাগান শুরু করলেও বর্তমানে তার বাগানের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ বিঘা। বাগানে রয়েছে হাড়িভাঙ্গা, অম্রপালী, হিমসাগর, কহিতোর ও কাঁচামিঠা—এই পাঁচটি জাতের সুমিষ্ট উন্নত মানের আম।
বাগান ঘুরে দেখা যায়, শুধু আম নয়, একই সঙ্গে সেখানে রয়েছে জাম, লিচু ও আমড়ার গাছও। পাশাপাশি রয়েছে মাছ চাষ, হাঁস-মুরগি ও গরুর খামার।
চলতি মৌসুমে বাগান থেকে কয়েক টন আম উৎপাদনের আশা করছেন আজিজুল। তিনি জানান, ভবিষ্যতে অনলাইন ও অফলাইন বাজারের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই আম সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।
আজিজুল হক বলেন, “শুরুটা সহজ ছিল না। প্রথম দুই-তিন বছর লোকসান গুনেছি। তবে পরিবারের উৎসাহ, ধৈর্য ও পরিশ্রমই আজ আমাকে এই জায়গায় এনেছে।”
এই উদ্যোগ শুধু তার নিজেরই নয়, আশপাশের অনেক মানুষের জীবিকার উৎস হয়ে উঠেছে। আজিজুল বর্তমানে স্থানীয় যুবকদের কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজেও যুক্ত আছেন।
স্থানীয় কৃষি কর্মকর্তা জানান , এই ধরনের উদ্যোগ দেশের কৃষিখাতকে শক্তিশালী করার পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন পথ তৈরি করছে।
আরও জানান, আজিজুল হকের এই গল্প প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে নিজ গ্রামের মাটিতেই গড়া যায় সাফল্যের ভিত।
ডিসিএন বাংলা টিভি/