বিস্তারিত: বীথি শর্মা বনিক:
পরিবেশ ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগে ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি গ্রামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফারুক সরদারের মালিকানাধীন মেসার্স স্টার ব্রিকস নামের ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন। আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আমিনুল হক।
পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লির আগুন নিভিয়ে ও কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়।”
উল্লেখ্য, হাইকোর্ট ১৮ মার্চ ২০২৫ তারিখে এক রায়ে নির্দেশনা দেন যে, পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা বৈধ নয় এবং সেগুলো উচ্ছেদ করতে হবে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর।
ডিসিএন বাংলা নিউজ/