সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৬৮টি ল্যাবে ৩৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৫৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে দাঁড়াল। একদিনে করোনায় সংক্রমিত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৮ হাজার ৫৬০ জন এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১৭ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ৩০ জনের ২১ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে ২৫ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহীর, ১ জন সিলেটের, ৩ জন খুলনার, ২ জন রংপুরের এবং ২ জন ময়মনসিংহ বিভাগের। এছাড়া বাকি বিভাগগুলোতে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এদিকে, বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১৫ লাখ ৮ হাজার ৫৮৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৪ হাজার ১১২ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৮৮১ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।
ডিসিএন বাংলা/জা.ক.নি.