ডিসিএন বাংলা টিভি অনলাইন ডেক্স:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেদিন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার বুকে সংক্রমণ ছিল এবং হৃদ্যন্ত্র ও ফুসফুস আক্রান্ত হয়েছিল।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। সে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তিনি লন্ডন যান। চার মাস চিকিৎসা শেষে ৬ মে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।
ডিসিএন বাংলা টিভি/