ডিসিএন বাংলা টিভি নিজস্ব প্রতিবেদন:
হাসান কাজল:
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির মাধ্যমে এসব নকল পণ্য উৎপাদন ও বিপনন কার্যক্রম প্রতিরোধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে যাচ্ছেন বলে জানা গেছে। ১৫ অক্টোবর ২০২৫ জান্নাতুল ফেরদাউস সহকারী পরিচালক (কার্যক্রম) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন , জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি করতে গিয়ে বিভিন্ন অপরাধে ১১৬ টি প্রতিষ্ঠানকে ৯.২৯ লক্ষ টাকা জরিমানা করেন। বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৫৬ জন কর্মকর্তার নেতৃত্বে দেশের ৪৭ টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরীর মিরপুর-১১ বাজার, টিকাটুলি বাজার, যাত্রাবাড়ী বাজার, হাজারীবাগ বাজার, কারওয়ান বাজার, মিরপুর-৬ কাঁচা বাজারসহ দেশব্যাপী মোট ৯০ টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১০৯ টি প্রতিষ্ঠানকে আট লক্ষ উনানব্বই হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৭ টি প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে দশ হাজার টাকা প্রদান করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত এসকল বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।
উল্লেখ্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটগণ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
www.dcnbangla.tv