রিপোর্টঃ বীথি শর্মা বনিক এর প্রতিবেদনা
ঝালকাঠিতে ২৯ মে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বৃষ্টির কারণে শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে এবং সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা যান চলাচলে বিঘ্ন ঘটছে।
নদীর পানি ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হওয়ায় বিভিন্ন এলাকার ফসলী জমি এছাড়াও মাছের ঘেড় এবং পানের বরজ তলিয়ে গেছে। শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রিকশা ও অটোচালকরা জীবিকার তাগিদে বের হলেও যাত্রী সংকটে পড়তে হয়েছে তাদের।
শহরের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠও পানিতে তলিয়ে গেছে। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, “বর্তমানে ঝালকাঠি সরাসরি সতর্কতা সংকেতের আওতায় না পড়লেও, বড় ধরনের ঝড় বা বন্যা হলে তা মোকাবিলার জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।”
নদী তীরবর্তী এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডিসিএন বাংলা টিভি/