ডিসিএন বাংলা টিভি/
ঝালকাঠি থেকে বীথি শর্মা বনিক এর প্রতিবেদনে।
ঝালকাঠী শহরের আরৎদ্দার পট্টি এলাকায় অবস্থিত দুটি মন্দিরে একের পর এক চুরির ঘটনা ঘটেছে। প্রথম চুরির ঘটনা ঘটে ২৩ মার্চ, শ্রী গুরু মন্দিরে, এবং দ্বিতীয়টি ২৭ মার্চ রাতে হরিসভা মন্দিরে।
শ্রী গুরু মন্দিরের পূজারী জানান, প্রতিদিনের মতো ২৩ মার্চ রাতে মন্দিরের দরজা তালা মেরে তিনি তার কক্ষে ঘুমাতে যান। রাতের কোন এক সময়, চোরেরা ছাদের পাশ দিয়ে তার কক্ষ বাইরে থেকে আটকিয়ে দিয়ে মন্দিরের তালা ভেঙে তৃতীয় তলায় প্রনামী বাক্সটি খুলে আনুমানিক ১৫ হাজার টাকার মতো চুরি করে নেয়। পরদিন সকালে মন্দিরের সহ সভাপতি চিত্ত সাহাকে ফোন দিলে তিনি পূজারীকে মন্দিরের দরজা খুলে বের করেন, এরপর তারা চুরির ঘটনা দেখতে পান।
এরপর, ২৭ মার্চ রাতে একই এলাকায় অবস্থিত হরিসভা মন্দিরে চুরির ঘটনা ঘটে। রাতের কোনো এক সময় চোরেরা মন্দিরের তালা ভেঙে প্রনামী বাক্সটি খুলে নগদ টাকা চুরি করে নেয়। দুটি মন্দিরের দূরত্ব খুব বেশি না হওয়ায় ধারণা করা হচ্ছে যে, একই চোর চক্র এই দুটি মন্দিরে চুরি করে থাকতে পারে।
এ ঘটনায় মন্দির কমিটি আইনগত ঝামেলা এড়ানোর জন্য এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল করেনি। তারা দাবি করেছে যে, মন্দিরের সিসি ক্যামেরা ও আশপাশের এলাকার ক্যামেরার ফুটেজ দেখলে চোরের পরিচয় জানা সম্ভব হতে পারে।
এই চুরির ঘটনা নিয়ে থানা পুলিশের কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ডিসিএন বাংলা নিউজ/