একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে সর্বমহলে পরিচিত লাভ করেন সাবরিনা পড়শী। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার।
গানের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এসবের মাঝেই নতুন খবর জানা গেল। বিয়ের পিঁড়িতে বসেছেন এই সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রোববার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন পড়শী।
জানা যায়, গেল বছরের ৪ মার্চ বিয়ে হয়েছে তাদের। প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন পড়শী। আর বিয়ের পর এবার এ নিয়ে দেশের একটি গণমাধ্যমে খোলামেলা কথা বললেন তিনি।
নতুন জীবনে পা রেখে পড়শী বলেন, আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারাজীবন চলতে পারি, হাতে হাত রেখে যেন চলতে পারি। সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি। সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি।
এর আগে, পাত্র হামিম নীলয়ের সঙ্গে পরিচয়ের ব্যাপারে পড়শী জানান―এখন থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচয় তাদের। তবে প্রেম বলতে যা বোঝায়, তাদের মধ্যে এ ধরনের কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, এই ভাগ্যচক্রেই তারা একে অপরের জীবনে এসেছেন। আর সবটাই হয়েছে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী।
ডিসিএন বাংলা/বি.নি.