বিশ্বমানের সেবা ও প্রিয় স্বজনদের কাছে পেয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে। তিনি এখন নিজে থেকে সামান্য হাঁটতেও পারছেন। রোববার খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। তিনি আজ একা একা হাঁটতেও পেরেছেন। এনামুল হক চৌধুরী আরও বলেন, হাসপাতালে থেকেও খালেদা জিয়া দেশের খোঁজখবর নিয়েছেন। জানতে চেয়েছেন, বর্তমান অবস্থা কী?
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। আজ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তাকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই তার চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে আজ ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে। বলতে পারি তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
এদিকে, অন্যান্য দিনের মতো রোববারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন।
ডিসিএন বাংলা/জা.নি.