ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ জুন) ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।
এছাড়া তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন। আদভানির সঙ্গে বৈঠকের পর স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় নয়া দিল্লির আইটিসি হোটেলের আবাস্থলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এরপর রোববার (৯ জুন) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন।
পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় শনিবার (৮ জুন) সকাল ১১টা ৫১ মিনিটে ভারতের পালাম এয়ার ফোর্স স্টেশন, ভিভিআইপি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান।
ডিসিএন বাংলা/রা.নি.