সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের এক হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশের ক্রিকেটের এই নক্ষত্র। এই সময় তামিমকে অনেক বেশি অশ্রুসিক্ত দেখাচ্ছিল।
আরও পড়ুনঃ বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম ওয়ানডে আজ
অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন। তামিম বলেন, আমি গত কিছুদিন ধরেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছি। এমন না যে সিদ্ধান্তটা হুট করে নেওয়া। পরিবার, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সবকিছু মিলিয়েই আমার এই সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্টিনেজ
এ সময় সব ধরনের ক্রিকেটকে বিদায় বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তামিম ইকবাল আরও বলেন, আমি সব সময় বলেছি ক্রিকেট খেলেই বাবার স্বপ্ন পূরণ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গিয়ে অনেক পরিস্থিতির মুখে পড়েছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট চাচার হাত ধরেই ক্রিকেটে এসেছি। যারা আমাকে এই পর্যায়ে আনতে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ডিসিএন বাংলা/খে.নি.