ছুটিতে ঢাকা শহর প্রায় ফাঁকা। এর মধ্যে বৃষ্টি হওয়ায় প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। বাজারে ক্রেতাদের আনাগোনা কম, তবুও লাগামহীন কাঁচা মরিচসহ নিত্যপণ্যের দাম।
আরও পড়ুনঃ
শুক্রবার (৩০ জুন) পুরান ঢাকার শ্যামবাজার, মালিবাগ, কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালীগঞ্জ এবং রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারগুলোয় লাগামছাড়া কাঁচা মরিচের দাম। বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে। হাতেগোনা ক্রেতা-বিক্রেতা থাকলেও বাজারে কমছে না সবজি, মাছ ও মুরগিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম।
আরও পড়ুনঃ
বিক্রেতারা জানান, বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম। একদিকে ঈদ, অন্যদিকে বর্ষকালে সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। আর ক্রেতাদের দাবি, সিন্ডিকেট করে বিক্রেতারা কাঁচা মরিচের দাম বাড়াচ্ছেন। এর পেছনে অসাধু ব্যবসায়ীরা দায়ী। সাদ্দাম নামে এক বিক্রেতা বলেন, কোরবানির পশু আনা-নেওয়ার কাজে ট্রাকগুলো ব্যস্ত থাকায় কাঁচা মরিচের সরবরাহ হয়নি। দীপালী নামে এক ক্রেতা বলেন, বাজারে কাঁচা মরিচের দাম লাগামছাড়া। ইতোমধ্যে সরকার আমদানির অনুমতি দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন।
ডিসিএন বাংলা/জা.নি.