দুই মেয়াদে ১০ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মো. আবদুল হামিদ। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে এমন রাজসিক বিদায় জানানো হলো। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় জানায় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুনঃ কবর জিয়ারত করলেন শেখ হাসিনা
কিশোরগঞ্জের সন্তান আবদুল হামিদ ২০১৩ সালের মার্চ মাসে অস্থায়ী ও ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে ১০ বছরেরও বেশি সময় কেটেছে আবদুল হামিদের। রোববার (২৩ এপ্রিল) তার শেষ কর্মদিবস ছিল। সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। এরপর দুপুরে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আরও পড়ুনঃ আগামীকাল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বিদায় অনুষ্ঠানের শুরুতেই আবদুল হামিদকে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে ফুলে সজ্জিত একটি খোলা জিপে ফোয়ারা এলাকা থেকে প্রধান ফটকের দিকে যাত্রা করেন তিনি। বঙ্গভবনের কর্মকর্তারা তার গাড়ির সামনে বাঁধা লাল রশি টেনে মূল ফটক পর্যন্ত নিয়ে আসেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে আবদুল হামিদকে বিদায় জানান বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা। তার গাড়ির সামনে ছিল পুলিশের বিশেষ অশ্বারোহী দল।
ডিসিএন বাংলা/জা.নি.