মোঃ আবু তৈয়ব
ডিসিএন বাংলা টেলিভিশন
হাটহাজারী, চট্টগ্রাম (প্রতিনিধি)
যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগমন করেন।
চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে “Information Seminar on U.S . Higher Education and Exchange Program Opportunities” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে বক্তব্য রাখেন। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসানের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন এন্ড একাডেমিক এক্সচেইঞ্জ প্রোগ্রাম এর কালচারাল এ্যাফেয়ার্স বিশেষজ্ঞ জনাব রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রামের কর্মকর্তা জনাব শাওন কর্মকার এবং জনাব সোহেল ইকবাল।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে ইউএস দূতাবাসের প্রতিনিধি দলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের উপস্থিতিতে আজকের এ সেমিনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সেমিনারের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের তাঁদের কাঙ্খিত ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বৃত্তি সহযোগে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ অবারিত হবে।
প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, বাংলাদেশের বিশাল তরুণ সমাজ মেধাবী ও সম্ভাবনাময়। তাদের মধ্য থেকে কেউ হবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, পেশাজীবী, সরকারের বিভিন্ন সেক্টরের নীতি নির্ধারক, কর্মকর্তা ও কর্মচারী; আবার কেউ কেউ বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিয়ে দেশে এসে জনকল্যাণে নিবেদিত হবেন। তিনি বলেন, আমাদের অনেক তরুণ শিক্ষক-গবেষক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ শেষে তাদের লব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মাঝে বিতরণের মাধ্যমে আলোকিত মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখছেন। মাননীয় উপাচার্য সেমিনারে আগত সম্মানিত শিক্ষকবৃন্দকে আজকের সেমিনার সম্পর্কিত বিষয়াদি তাঁদের স্ব স্ব বিভাগের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ গ্রহণের জন্য উৎসাহিত করার আহবান জানান।
সেমিনারে অংশগ্রহণকারী সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
ডিসিএন বাংলা/জা.নি.