দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন মন্ত্রী। এসময় আইনমন্ত্রী আরও বলেন, গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে, সরকার ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার তার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এ জন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান আইনমন্ত্রী।
এদিকে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা না কমা পর্যন্ত ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহারের জন্য দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দাবির পর সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী ভোজ্যতেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফের ঘোষণা দেন। এই ভ্যাট প্রত্যাহার ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়। তবে, তেল, চিনি, ছোলার ওপর সরকার আমদানি শুল্ক প্রত্যাহার করার পরও তার সুফল এখনো পাচ্ছেনা সাধারণ ক্রেতারা। শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের এমন অভিযোগের কথা জানা যায়। এগুলোর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের সবজির দাম। বাজার সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সংশ্লিষ্টদের তদারকি প্রয়োজন। এছাড়া রমজানের আগে বাজার মনিটরিং করার দাবি জানান ক্রেতারা।
ডিসিএন বাংলা/জা.নি.