গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন শনাক্ত দু’টিই কমেছে। ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৮টি ল্যাবে ১৬ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ৩২৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জনে দাঁড়াল। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ১ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৯৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া একদিনে ২ হাজার ৮২৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৫ দশমিক ০৯ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন একজন পুরুষ। ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ব্যক্তি সিলেট বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
এদিকে, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ কোটি ১ লাখ ২১ হাজার ৭২১ জনে। আর সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৩৭ হাজার ৪৭১ জনে। বিপরীতে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ২৫১ জনে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।
ডিসিএন বাংলা/জা.ক.নি.