আজ দুপুর সাড়ে ৩টার দিকে কুতুপালং সংলগ্ন মধুরছড়া ৫ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে। আগুড়ে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫শ’ ঘর। ফায়ার সার্ভিস জানায়, আজ বিকেলে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণের জন্য কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। আগুনের কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি এপিবিএন পুলিশ, ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যাওয়ায় তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছেন। এর আগে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ডিসিএন বাংলা/দু.নি.