প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রানে অলআউট হওয়ার দিনে বাংলাদেশের ইনিংসে রানআউট হয়েছিল তিনটি। আফগান ফিল্ডারদের দুর্দান্ত নৈপুণ্যে এত রানআউট দেখেছিল চট্টলার দর্শকরা। কিন্তু কম পুঁজি নিয়ে বল করতে নেমে ক্যাচ মিসের প্রতিযোগিতায় নেমেছে যেন মুশফিক-মাহমুদউল্লাহরা। আফগান দুই উদ্বোধনী ব্যাটসম্যান রিয়াজ আর গুরবাজের ব্যাটে এমনিতেই নিশ্চিত জয়ের পথে আফগানিস্তান। মাঝে ৭৯ রানের মাথায় সফরকারীদের উদ্বোধনী জুটি ভাঙলেও থামেনি ব্যাটারদের দাপট।
বাংলাদেশের বোলারদের কোনো রকম পাত্তা না দিয়ে তাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে সফরকারীরা। এর মধ্যেও আবার সেই বাজে ফিল্ডিং! এরই মধ্যে তিন ম্যাচ ওয়ানডের দুটি জিতে নেওয়া টাইগার বাহিনীর শেষ ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই বরং প্রশ্ন তোলা যায়। ২৩তম ওভারে শরিফুলের বলে গুরবাজের ক্যাচ হাতছাড়া করেছিলেন মুশফিক। ২৫তম ওভারে আবারও শরিফুলের বলে ক্যাচ মিস। এবার ফাইন লেগে ক্যাচ মিস মাহমুদউল্লাহর। ব্যাটসম্যান সেই গুরবাজ। এরপর ২৭তম ওভারে শরিফুলের বলে আবারও ক্যাচ ফেলে দিলেন মুশফিক। এবারও ব্যাটসম্যান সেই গুরবাজ! ভাবা যায়। একই ব্যাটসম্যান তিনবার জীবন পেলেন। তাও একই বোলার সেই শরিফুলের ওভারে।
আফগানদের সামনে সহজ টার্গেট। মাত্র ১৯৩ রান করতে পারলেই হোয়াইটওয়াশ এড়ানো যাবে। তবে এমন সহজ টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিংয়েও শুরুটা হলো জ্বলমলে। প্রথম দশ ওভার শেষে আফগানদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান। এরপর এই পার্টনারশিপ টিকেছিল ১৫ তম ওভার পর্যন্ত। সাকিব ফেরালেন রিয়াজ হাসানকে। ৪৯ বলে ৩৫ করে ফিরে গেছেন এ ক্রিকেটার। অন্যদিকে, এরই মধ্যে রহমানুল্লাহ গুরবাজ ৮৫ করে সেঞ্চুরির পথে এক পা দিয়ে রেখেছেন। রিয়াজ হাসান আর রহমানউল্লাহ গুরবাজের উদ্বোধনী জুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল। ভালো বলে সিঙ্গেল কিংবা ডট আর বাজেভাবে উপযুক্ত শাস্তি দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যায় সফরকারীরা।
প্রথমেই আফগান শিবিরে আঘাত হানতে পারতো। শরিফুলের ওভারে গুরবাজকে সাজঘরে পাঠানোর একটা সুযোগ এসেছিল। গুরবাজের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার আর প্রথম স্লিপের ফাঁক গলে চলে যায় বল। মুশফিকদের শুধু তাকিয়ে ছাড়া আর কিছুই করার ছিল না। এর আগে ইনিংসের প্রথম তিন ওভার পেসারদের দিয়ে করানোর পর চতুর্থ ওভারে বল তুলে দেওয়া হয় সাকিব আল হাসানকে। কিন্তু প্রথম বলেই তাকে ছক্কার মারে স্বাগত জানায় রহমানুল্লাহ গুরবাজ। প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশের মিশনে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগান বোলার এবং ফিল্ডারদের দারুণ নৈপুণ্যে মাত্র ১৯২ রানেই অলআউট হয়ে গেছে তামিম বাহিনী।
ডিসিএন বাংলা/খে.নি.