ইসির ব্যর্থতার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের। শুধু তাই নয়, সুষ্ঠু নির্বাচনের ব্যর্থতা, দেশ পরিচালনায় ব্যর্থতা আওয়ামী লীগের। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও, দলের সাধারন সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের ও তার সভানেত্রী শেখ হাসিনা কোনমতেই এই দায় এড়াতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদেরের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
এসময় বিএনপি মহাসচিব নির্বাচন কমিশন গঠনে কোন প্রক্রিয়ার মধ্যে বিএনপি থাকবে না উল্লেখ করে বলেন, শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে কোনো কিছুতেই আমরা থাকবনা। কারণ, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারেনা। এটা পরীক্ষিত সত্য। সেকারণে এই সার্চ কমিটি নিয়ে আমাদের কোনো আগ্রহই নেই। আন্দোলনের বিষয়ে তিনি বলেন, যেখানে গণতান্ত্রিক সরকার থাকে সেখানে গতানুগতিক আন্দোলন করলেই সমস্যা সমাধান হয়। কিন্তু গণতান্ত্রিক সরকার যেখানে থাকবেনা সেখানে ভিন্ন কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে হয়।
এর আগে, শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠভাবে দায়িত্ব পালনে যদি নির্বাচন কমিশনের কোনো ব্যাঘাত হয় তবে তার দায় বিএনপিকে নিতে হবে। নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের সব রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি বা রেফারির মতো।
ডিসিএন বাংলা/জা.রা.নি.