অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীতে অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মতিঝিল জোন। রোববার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ বাজার রোড থেকে অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেন তারা।
এ সময় তিতাস গ্যাস ঢাকা মেট্রো বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, যেসব বাসায় অবৈধ সংযোগ বা বিল দিচ্ছে না এমন লাইন খুঁজে আজ বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে আজ কাউকে জরিমানা করা হচ্ছে না। প্রতিবছর শীতকালে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে রাজধানীর প্রায় প্রতিটি বাসায় ভোগান্তিতে শুরু হচ্ছে মানুষের প্রতিটি সকাল।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর থেকে সরকার পাইপলাইনে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সপ্তাহে ৪ ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা শুরু করেছে সরকার। এতেও চলমান সংকটের সমাধান হয়নি। এদিকে এক সপ্তাহ আগে তৃতীয়বারের মতো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস অভিযান শুরু করেছে। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শত শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। একই সঙ্গে জরিমানা আদায় করা হয়। এ অভিযানের বনানী ও মিরপুর এলাকায় তিতাসের মোবাইল কোর্ট অভিযান করেছে। অভিযানে বনানীতে বেশকিছু জায়গাতে অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পায় মোবাইল কোর্ট। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, এ অভিযান অব্যাহত থাকবে।
ডিসিএন বাংলা/রা.আ.নি.