চট্টগ্রামে দুটি ঝুটের গুদামে আগুন লেগেছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরের পতেঙ্গার চরপাড়া এলাকায় পাশাপাশি অবস্থিত ঝুটের গুদাম দুটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলের দিকে পতেঙ্গার চরপাড়া এলাকায় পাশাপাশি দুটি জুটের গোডাউনে আগুন লেগেছে এমন খবর পেয়ে ৩টি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা একটা গোডাউনের মালামাল অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছি। তবে আরেকটি গোডাউনের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ফারুক হোসেন আরও জানান, ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।
ডিসিএন বাংলা/দু.নি.