সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের সুফল পাওয়া যায় না। কোম্পানি ভিত্তিক বাস চালু সেই শৃঙ্খলা ফেরাতে কাজ করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরাসরি সচিবালয়ে যান। সেখানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী সচিবালয়ে এসে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি লাঘবে বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
ঢাকা সিটি বিশ্বের অন্যতম বাস অযোগ্য শহর। দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে এ সিটির দূরাবস্থা মানায় না বলে মন্তব্য করে কাদের বলেন, আমি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে এ প্রোগামের জন্যই বাসায় না গিয়ে সচিবালয়ে এসেছি, কারণ এটা রাজধানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রাজধানীতে প্রথমবারের মতো সমন্বিত কোম্পানিভিত্তিক বাস চালু হলো। পাইলটিং হিসেবে চলবে ঘাটারচর টু কাঁচপুর পর্যন্ত বলে জানান তিনি।
এ সময় কাদের আরও বলেন, পদ্মা সেতুসহ অনেক মেগা প্রজেক্ট উদ্বোধন হবে আগামী বছর। পদ্মা সেতুর কাজ প্রায় শেষ, পিচ ঢালাইয়ের কাজ চলছে। আর কর্ণফুলি টানেলের কাজ ৭৫ শতাংশ শেষ।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদদ ফয়েজ বলেন, মন্ত্রী ১২ দিন পর আজ সকাল ১০টার কিছুক্ষণ আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হন। সেখান থেকে সরাসরি সচিবালয়ে এসে পৌঁছান সোয়া ১০টায়।
গত ১৪ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় বিএসএমএমইউ উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, বিএসএমএমইউ কেবিনে চিকিৎসাধীন ওবায়দুল কাদের আজ হাসপাতাল থেকে রিলিজ পান। এ সময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ সেখানে উপস্থিত থেকে তাকে বিদায় জানান। বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করবেন।
ডিসিএন বাংলা/জা.স.নি.