শোবিজের পরিচিত মুখ অনিন্দিতা মিমি। মডেলিংয়ের পর সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে শেষ করেছেন মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ।
‘রিভেঞ্জ’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন রোশান-বুবলী। তাদের সঙ্গে একটি পর্দায় শেয়ার করেছেন অনিন্দিতা মিমি। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, আমার প্রথম ছবির শুটিং শেষ করেছি। ইকবাল ভাই দারুণ কাজ করেছেন। একটি গানের শুটিং বাকি আছে। খুব শিগগিরই সেটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।
মিমি আরও বলেন, আমি এখন বড়পর্দায় কাজে মনোযোগ দিয়েছি। এই মাধ্যমে নিয়মিত কাজ করতে চাই। ‘রিভেঞ্জ’ সিনেমার কাজের অভিজ্ঞতা আমার সামনের দিনে কাজে লাগবে। এখানে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখতে পারছি। আপাতত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছি।
ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করতে চান মিমি। ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি বলেন, আমি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী। সময় পেলেই ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজ দেখি। ভালো সুযোগ এলে অবশ্যই বিনোদনের এই নতুন মাধ্যমে কাজ করব।
আবু হায়াত মাহমুদের ‘আবারো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। এতে তার বিপরীতে ছিলেন তৌহিদ আফ্রিদি। এরপর ইমরান-কনার গাওয়া ‘হৃদয় একটা আয়না-২’ গানের ভিডিওতে অংশ নিয়েছিলেন মিমি। বিজ্ঞাপনচিত্রে তার অভিষেক হয়েছিল ‘দুরন্ত’ সাইকেলের বিজ্ঞাপনের মাধ্যমে।
ডিসিএন বাংলা/সি.ম.নি.