সেজে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী পার্কস্ট্রিট। বড়দিন আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বড়দিনের আমেজ যেন রাতের আলোয় ছড়িয়ে পড়ছে শহরজুড়ে। উৎসবের আগাম স্বাদ নিতে এরই মধ্যে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সবাইকে নিয়ে অনেকেই বেরিয়ে পড়েছেন পার্কস্ট্রিটের আলোক সজ্জা দেখতে।
পার্কস্ট্রিট নিয়ে কৌতুহলের শেষ নেই। ব্রিটিশ উপনিবেশের সাক্ষী কলকাতার ময়দান থেকে মল্লিক বাজার পর্যন্ত প্রায় ২ দশমিক ৭ কিলোমিটার রাস্তায় প্রত্যেক ইটের গাঁথুনিতে রয়েছে ব্রিটিশ শাসনের চিহ্ন।
১৭৬২ সালে তৈরি হয়েছে এই স্ট্রিট। একসময় এই রাস্তার দুই ধারে ছিল অসংখ্য বাদাম গাছ। তাই অনেকেই বাদাম তলাও বলতেন পার্কস্ট্রিটকে। যদিও আজ আর বাদাম গাছের কোনো অস্তিত্ব নেই। আছে শুধু পার্কস্ট্রিট।
সেই ব্রিটিশ সময় থেকেই রাস্তার দুই ধারে বসবাস করতেন, অ্যাংলো ইন্ডিয়ানরা। তাদের জন্য গড়ে উঠেছিল রেস্তোরাঁ, পানশালা, গির্জা এবং অফিস।
ইতিহাসের সীক্ষা এই সরণিতে হেঁটেই আজও বড়দিন উদযাপন করেন বাঙালি-অবাঙাালিরা। বড়দিন মানেই যেন পার্কস্ট্রিটের আলোয় স্নান করা।
পার্কস্ট্রিটে এ সময়টায় সাধারণত তিল ধারণের জায়গা থাকে না। উৎসব আনন্দে মেতে ওঠেন ছোট বড় ও সব শ্রেণি পেশার মানুষ।
ডিসিএন বাংলা/ভা.নি.