বাড়ি থেকে ডেকে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র মেহেদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুলের সহপাঠীরা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এ সময় সহপাঠীরা মেহেদীকে হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। বাধা প্রদানে আরও ক্ষিপ্ত হয়ে উঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ নিলে পুলিশ গণমাধ্যম কর্মীদের সঙ্গেও অশোভন আচরণ করে।
পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে একই স্থানে গিয়ে শেষ করে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় জেলা সদরের বিসিক শিল্প নগরী এলাকায় ধারালো অস্ত্র দিয়ে মেহেদীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ডিসিএন বাংলা/ঠা.দু.নি.