
ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
রাজধানীর নিকুঞ্জ-১ এ মোটরসাইকেল ধাক্কায় হাবিবুর রহমান (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার ছেলে হাবিবুর। কুড়িল বিশ্বরোড শেওড়া বাজার এলাকায় থাকতেন হাবিবুর।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, সকালে নিকুঞ্জ-১ নম্বর গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় বলে জানতে পেরেছি। এতে গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলচালককে আটক করার চেষ্টা চলছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে নিহতের ভাই মো. মিজানুর রহমান জানান, হাবিবুর উত্তরায় ইসলামী ব্যাংকের অফিস সহকারী হিসেবে চাকরি করেন। সকালে বাসা থেকে বের হয়ে অফিসে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানতে পেরেছেন।
তিনি বলেন, আমরা কোনো মামলা করতে চাই না। তারা ময়নাতদন্ত ছাড়া বাড়ি যেতে চায়।