
ডিসিএন বাংলা নিউজ ডেক্সঃ
বিজয় দিবস উদযাপনে সাজসাজ রব উঠেছে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে। ১৬ ও ১৭ ডিসেম্বর বিকেলে মহাবিজয়ের মহানায়ক শিরোনামে এ উদযাপনে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি। শেষ সময়ে মঞ্চ সাজানো আর শিল্পীদের অনুশীলনে মুখর হয়ে উঠেছে সংসদের মানিক মিয়া অ্যাভিনিউ প্রান্ত।
আর মাত্র দুদিন বাদেই বিজয় উৎসবে মাতবে পুরো জাতি।
কষ্টার্জিত বিজয়ের ৫০ বছরে পা রাখা ও পাশাপাশি মুজিবশতবর্ষের এ ঐতিহাসিক উদযাপনে অনুশীলনে ব্যস্ত শিল্পীরা।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরই মধ্যে শেষ হয়েছে মূল মঞ্চ নির্মাণের কাজ। মহাবিজয়ের মহানায়ক শিরোনামে জাঁকজমক এ আয়োজনটি করছে জাতির পিতার জন্মশতবার্ষিকী জাতীয় উদযাপন কমিটি।
বিজয় দিবসের বিকেলে, অতিথি হিসেবে থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারি ও নিরাপত্তাজনিত কারণে সীমিত সংখ্যক দর্শকরাই কেবল অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে সরাসরি দেখার সুযোগ পাবেন বলে জানা গেছে।