
বিষয়ভিত্তিক ও ৪০ ভাগ সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।
শনিবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের বিভিন্ন কলেজে অধ্যয়নরত আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে শহরের ৮ টি কলেজে অধ্যয়নরত ২০২২ সালের পরীক্ষার্থীরা এতে অংশ নেন।
এক পর্যায়ে তারা শহরের কালীবাড়ী মোড় এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে প্রধান তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে সরিয়ে নেয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানান, করোনার কারণে তারা ক্লাশ করতে পারেননি। তাই এ বছরের মতো আগামী বছরের এইচএসসি পরীক্ষা ৪০ ভাগ সিলেবাসে নিতে হবে। একই সাথে গ্রুপ অনুযায়ী সাবজেক্ট পরীক্ষা ও সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময় নির্ধারণ করতে হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তাই তাদের বুঝিয়ে রাস্তার পাশে সরিয়ে নেওয়া হয়।