তিন দলীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে শুরুতে ব্যাট করে ২৩০ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১০ দল। যুবা টাইগারদের বিপক্ষে জিততে হলে ২৩১ রান করতে হবে ভারতকে।
কলকাতার ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ২৩০ রান করে বাংলাদেশ। দলের হয়ে হাফসেঞ্চুরি করেন দুজন ব্যাটার। তারা হলেন- মফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। ৭৯ অলে ৫৬ রান করেন মফিজুল। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।
নাবিল ৬৫ বলে খেলেন ৬২ রানের ইনিংস। আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। বাকিদের মধ্যে মোহাম্মদ ফাহিম ২১, নাইমুর রহমান ২০ ও ইফতেখার হোসেন ১৫ রান করেন। ভারতের হয়ে ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন রিশিত রেড্ডি। দুটি করে উইকেট পান গার্ভ সাংওয়ান ও নিশান্ত সিন্ধু।
এর আগে ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। টাইগার যুবাদের দেওয়া ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।ওয়ানডাউনে খেলতে নেমে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন প্রান্তিক নওরোজ। ১০৮ বলে ১০১ রান করেন তিনি।
নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে ২ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ভারতের দেওয়া ২৪৬ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই পেরিয়ে যায় রাকিবুল হাসানরা।