
ডেস্ক নিউজঃ
গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ প্রাণ গেল ২৭ জনের, আর নতুন করে আক্রান্ত হলেন আরো এক হাজার ৬৩২ জন। এ নিয়ে মোট আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ১৫৬ জন।বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪০টি পরীক্ষাগারে ১৮ হাজার ৩২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৬৩২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৫৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৬২২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ ২৯ হাজার ৩৫১ জনে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।