
ডিসিএনবাংলা,ডেস্ক রির্পোটঃ
সংঘাত নয়, মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর। করোনার কারণে নানা ঘাত প্রতিবন্ধকতার শিকার হলেও ন্যাশনাল ডিফেন্স কলেজের কার্যক্রম একদিনের জন্যও বন্ধ হয়নি। অনলাইনে চলমান ছিল প্রতিটি ক্লাস। প্রায় একবছরের এনডিসি কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনি শেষে কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন,বাংলাদেশের উপর কোনো আঘাত এলে তা প্রতিরোধে সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তি চায় বলেই রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে কোনো সংঘাতে যায়নি। করোনার কারণে স্কুল খুলতে না পারার আক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। দেশের কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে না পারার কথাও তুলে ধরেন তিনি। তবে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যের কথা আবারো জানান শেখ হাসিনা। এক বছরের এনডিসি কোর্স শেষে এবার সনদ গ্রহণ করেন ৮২ জন কর্মকর্তা। এর মধ্যে সেনা, নৌ, বিমান বাহিনী, সিভিল প্রশাসন, পুলিশের পাশাপাশি রয়েছেন ১২ দেশের ১৫ জন বিদেশি কর্মকর্তাও। এছাড়া ওয়ার কোর্স সম্পন্ন করেছেন ৫২ জন।