চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সেমিনারে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেন,নিজেদের অর্থায়নে আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু তৈরি করতে পারবে না বলে অনেকেই মনে করেছিল। কিন্তু আজ সেতু নির্মাণ প্রায় শেষ। আওয়ামী লীগ যে পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করে ছাড়ে। আজ শনিবার (১২ই ডিসেম্বর) রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এই সেমিনারে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন তিনি।
সজীব ওয়াজেদ জানান, দুহাজার আটে দেশের দশ লাখ মানুষ ইন্টারনেট সুবিধা পেতেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১২ বছরে সারাদেশে ইন্টারনেট ছড়িয়ে দেয়া হয়েছে। এখন দশ কোটির বেশি মানুষ ইন্টারনেট সুবিধার আওতায়। ডিজিটাল বাংলাদেশের কারণেই কোভিডের মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। যেখানে ইউরোপ-আমেরিকার প্রবৃদ্ধি ঋণাত্মক, সেখানে বাংলাদেশ প্রায় সাত শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছে।