
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে আজ মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানিয়েছেন, টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় শ্রমিকেরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো দেখতে বোমাটির সন্ধান পান। বিষয়টি দ্রুত বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বোমাটির ভেতরে সক্রিয় বিস্ফোরক রয়েছে। নিষ্ক্রিয় করতে তা ময়মনসিংহে বিমানবাহিনীর রসুলপুর ঘাঁটির ফায়ারিং রেঞ্জে নেয়া হয়েছে।
এদিকে, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ এলাকায় আরও বোমা আছে কি না খুঁজে দেখছে বিমানবাহিনী। এ ছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।