প্রধান উপদেষ্টার সাথে বৈঠক রাজনৈতিক দলের নেতাদের
বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওসমান হাদির ওপর হামলার পর দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার দুপুরে আয়োজিত এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহও বৈঠকে অংশ নেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে ছিলেন।
বৈঠক থেকে ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে দলগুলো। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখার কথাও বলেছেন তারা।
বিজ্ঞাপন
রাজনৈতিক কথার লড়াই আওয়ামী লীগকে যেন সুযোগ করে না দেয় এই বিষয়ে একমত হয়েছে দলগুলো।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে “জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ” উল্লেখ করে রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ ওসমান হাদিকে বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ‘শঙ্কামুক্ত নন’ বলে সর্বশেষ শুক্রবার রাতে জানিয়েছেন চিকিৎসকরা।
ডিসিএন বাংলা টিভি/